চট্টগ্রামে ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ০৭:৩০ পিএম

চট্টগ্রামে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সম্পর্কে মা-ছেলে। দুজনই কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় বিভিন্ন স্থানে বিক্রি করত বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় কোতোয়ালি থানাধীন নতুন রেল স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো : মর্জিনা বেগম (৫০) ও তার ছেলে কাউছার আহমেদ তুহিন (২৬)। তাদের বাড়ি যশোর সদরের কাগজপাড়ায়। তারা ঢাকার রামপুরার বনশ্রীতে বসবাস করে।

সিএমপির কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার নোবেল চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নতুন রেল স্টেশন এলাকার হোটেল ম্যানিলার বিপরীতে রাস্তা থেকে ইয়াবাসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। মর্জিনা বেগমের ভ্যানিটি ব্যাগে তল্লাশি করে দুই হাজার পিস এবং তার ছেলে কাউছারের কাঁধে থাকা ল্যাপটপ ব্যাগে তল্লাশি করে দুই হাজার পিসসহ মোট ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, কক্সবাজারের জাবেদ নামে এক ইয়াবা ব্যবসায়ী ও তার স্ত্রী শিফার কাছ থেকে এসব ইয়াবা কিনে তারা ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করত। গ্রেপ্তার মা-ছেলের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

নোবেল চাকমা আরও জানান, তাদের পেশাই হলো ইয়াবা বিক্রি করা। ২০১৬ সালেও মর্জিনা বেগম ৮ হাজার পিস ইয়াবা নিয়ে শ্যামপুর থানায় গ্রেপ্তার হয়ে ৬ মাস জেল খেটেছিল। এরপর আবার রামপুরা এলাকায় ইয়াবা বিক্রিকালে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত