ফেলে আসা বছরটা দুর্দান্ত কেটেছে রোমান সানার। সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। ওয়ার্ল্ড আর্চারিতে দেশকে উপহার দিয়েছেন প্রথম পদক। এশিয়া কাপ র্যাঙ্কিং টুর্নামেন্টে জিতেছেন স্বর্ণ। বছরের শেষে এসএ গেমসে ব্যক্তিগত ইভেন্টসহ মোট ৩টি স্বর্ণ জিতেছেন এই তারকা। দারুণ সব সাফল্যে বছর পার করা রোমান ওয়ার্ল্ড আর্চারির বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকাতে ওঠে এসেছেন।
বছরের শেষ দিনে বিভিন্ন ক্যাটাগরিতে ২০১৯ সালের সেরা নির্চাবনের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশন। মোট ৯টি ক্যাটাগরির দুটিতে মনোনয়ন পেয়েছেন রোমান। ‘বর্ষসেরা পুরুষ রিকার্ভ আর্চার’ ও ‘ব্রেক থ্রু’ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তিনি। এছাড়া বাংলাদেশ জাতীয় আর্চারি দলের কোচ মার্টিন ফ্রেডরিক সেরা কোচের তালিকায় মনোনয়োন পেয়েছেন।
জানুয়ারি মাসজুড়ো দর্শকদের ভোট গ্রহণ চলবে। সেই ভোটেই নির্বাচিত হবেন বিভিন্ন ক্যাটাগরির সেরারা। ৮ ফেব্রুয়ারি ইন্ডোর আর্চারি ওয়ার্ল্ড সিরিজ আসরের ফাইনালের দিন ২০১৯ সালের বর্ষসেরাদের নাম ঘোষণা করা হবে।
রিকার্ভ পুরুষ, রিকার্ভ নারী, কম্পাউন্ড পুরুষ, কম্পাউন্ড নারী, প্যারা পুরুষ ও প্যারা নারী- এই ছয় ক্যাটাগরির সেরা নির্বাচন করা হবে দর্শকদের অনলাইন ভোটিং ও প্যানেল বিশেষজ্ঞদের সমন্তিত ফলাফলের ভিত্তিতে। রিকার্ভ পুরুষ বিভাগে রোমানের সঙ্গে মনোনয়ন পেয়েছেন- যুক্তরাষ্ট্রের ব্র্যাডলি এলিসন, দক্ষিণ কোরিয়ার লি উ সিউক, মালয়েশিয়ার খাইরুল আনোয়ার মুহম্মদ ও ইতালির মাওরো নেসপলি।
এদিকে সেরা কোচ, ‘ব্রেক থ্র’ ও বিচারক এই তিন পদে মনোনীতদের মধ্যে সেরা নির্বাচিত হবে প্যানেল বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে। ‘ব্রেক থ্রু’ ক্যাটাগরিতে রোমানের সঙ্গে আছেন- যুক্তরাষ্ট্রের জেমস লুটজ, একই দেশের অ্যালেক্সিস রুইজ, দক্ষিণ কোরিয়ার আন সান, কলম্বিয়ার ভ্যালেন্টিনা অ্যাকোস্তা ও নরওয়ের আন্দ্রেস ফগস্ট্যাড।
