যুব মহিলা লীগের সহসভাপতি ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চার দিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজিলাতুন্নেসা।
গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন বিএসএমএমইউ-এর অ্যানেস্থেসিয়া বিভাগের চেয়ারম্যান ও আইসিইউ-এর দায়িত্বরত প্রধান অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান।
শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে শনিবার হাসপাতালে ভর্তি করা হয় ফজিলাতুন্নেসা বাপ্পীকে। পরে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ফজিলাতুন্নেসা সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। নবম ও দশম সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।
