সুনামগঞ্জে ১০০ বাউলকে শীতবস্ত্র উপহার

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ০৮:১৯ পিএম

সুনামগঞ্জ সদর উপজেলার একশ বাউল ও যন্ত্রশিল্পীকে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বুধবার রাতে জেলা শিল্পকলা একাডেমির আবদুল হাই মিলনায়তনে একতা বাউল সংঘ এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া একশ নতুন কম্বল বাউল ও যন্ত্রশিল্পীদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে বাউল ও গীতিকারদের দাবির প্রেক্ষিতে মুজিব বর্ষ উপলক্ষে জেলার চার শতাধিক গীতিকারের লেখা গান নিয়ে একটি বই প্রকাশের ঘোষণা দেন জেলা প্রশাসক। একই সঙ্গে গত বৈশাখের ঝড়ে যেসব বাউলশিল্পীর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নতুন ঘর তৈরিতে সহায়তা এবং যারা প্রকৃত ভূমিহীন যাচাই-বাছাই করে তাদের মধ্যে খাসজমি বন্দোবস্ত প্রদানের আশ্বাস দেন তিনি।

একতা বাউল সংঘের সভাপতি বাউল শাহজাহান সিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক খলিল রহমান, পল্লি বাউল জবান আলী, বাউল তছকির আলী, গীতিকার ইমরুল কায়েস, আব্দুল কাহার প্রমুখ। পরে বাউল গান পরিবেশন করেন শিল্পীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত