বৈদেশিক বাণিজ্য কমার প্রভাব চট্টগ্রাম বন্দরে

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১০:৪৮ পিএম

চট্টগ্রাম বন্দরে ২০১৮ সালে কন্টেইনার হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি ৮ দশমিক ৮৮ শতাংশ হলেও গত বছর তা নেমেছে ৬ দশমিক ৩৪ শতাংশে। একইভাবে কার্গো হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি ১২ দশমিক ৯৮ শতাংশ থেকে নেমে হয়েছে ৭ দশমিক ৩ শতাংশ।

ব্যবসায়ীরা বলছেন, আমদানি-রপ্তানি কমে যাওয়ার প্রতিফলন এটি। বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হ্রাসের প্রভাব পড়েছে এতে। তবে বন্দর কর্মকর্তারা বলছেন, প্রবৃদ্ধির হার কমলেও আগের বছরের তুলনায় উৎপাদনশীলতা বেড়েছে। বিশ্বের শীর্ষ ১০০ কন্টেইনার পোর্টের মধ্যে লয়েডস লিস্টের তালিকায় ৬৪তম স্থানে উঠে আসাকে বিদায়ী বছরে বন্দরের বড় অর্জন বলে মনে করছেন তারা।

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দুই ক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়লেও প্রবৃদ্ধি বাড়েনি। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্দরে মোট কন্টেইনার ওঠানামা হয়েছে ৩০ লাখ ৮৮ হাজার ১৯৭ টিইইউস (টুয়েন্টি ফিট ইক্যুইভেলেন্ট ইউনিটস)। এক্ষেত্রে প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৩৪ শতাংশ। অন্যদিকে ২০১৮ সালে কন্টেইনার ওঠানামা হয় ২৯ লাখ ৩ হাজার ৯৯৬ টিইইউস। ওই বছর প্রবৃদ্ধির হার ছিল ৮ দশমিক ৮ শতাংশ।

বিদায়ী বছর কার্গো হ্যান্ডলিং হয়েছে ১০ কোটি ৩০ লাখ ৭৭ হাজার ৭৩৬ টন। এক্ষেত্রে প্রবৃদ্ধি ৭ দশমিক শূন্য ৩ শতাংশ। ২০১৮ সালে বন্দরে কার্গো হ্যান্ডলিং হয় ৯ কোটি ৬৩ লাখ ১১ হাজার ২২৪ টন। ওই বছর প্রবৃদ্ধির হার ছিল ১২ দশমিক ৯৮ শতাংশ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক দেশ রূপান্তরকে বলেন, বিদায়ী বছর বন্দরের সক্ষমতা বেড়েছে বেশি। বিশেষ করে অপারেশনাল কার্যক্রমে ১০টি নতুন কী গ্যান্ট্রি ক্রেন যুক্ত হওয়ার পাশাপাশি ইয়ার্ড সংস্কার ও সম্প্রসারণে কন্টেইনার হ্যান্ডলিংয়ে গতিশীলতা বেড়েছে। ফলে বন্দর প্রায় ৩১ লাখ টিইইউসের কাছাকাছি কন্টেইনার হ্যান্ডলিং করেছে। কমেছে বিভিন্ন দেশ থেকে আমদানি পণ্য নিয়ে আসা জাহাজের গড় অবস্থানকালও।

তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র সহসভাপতি এ এম চৌধুরী সেলিম দেশ রূপান্তরকে বলেন, তৈরি পোশাক খাত চট্টগ্রাম বন্দরের অন্যতম বড় স্টেকহোল্ডার। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে পোশাক রপ্তানি কমেছে পৌনে ৮ শতাংশ। একই সঙ্গে এ খাতে কমেছে কাঁচামাল আমদানি। এছাড়া গার্মেন্ট খাত ঘিরে গড়ে ওঠা ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পপ্রতিষ্ঠানগুলোর আমদানিও কমেছে। বন্দরের প্রবৃদ্ধির হার হ্রাসের পেছনে এ খাতের বর্তমান অবস্থার প্রতিফলন ঘটছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত