দেশের বাইরে টানা দুটি টেস্ট সম্পূর্ণ পেস আক্রমণ নিয়ে মাঠে নেমেছিল ইংল্যান্ড। স্পিনার ছাড়া খেলতে নেমে মোটেই সুবিধা করতে পারেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র করতে পারলেও সেঞ্চুরিয়নে পাঁচ পেসার (বেন স্টোকসহ) নিয়ে খেলতে নেমে ১০৭ রানে পরাজিত হয় ইংল্যান্ড। তাই স্পিনারের অভাব টের পেতে শুরু করেছে তারা। ইংল্যান্ডের জন্য দুঃসংবাদ হলো ইনজুরির কারণে কেপটাউনে জোফরা আর্চার নাও খেলতে পারেন। প্রথম টেস্টে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। বুধবার অনুশীলনের সময় এলবো ইনজুরিতে পড়েন। নিউল্যান্ডসে গতকাল তিনি দলের সঙ্গে অনুশীলন করেননি। যদিও ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট তার ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।
কেপটাউনে আজ থেকে শুরু হচ্ছে চার টেস্ট সিরিজের দ্বিতীয়টি। এই টেস্টে অভিজ্ঞ স্টুয়ার্ট ব্রড কিংবা জিমি অ্যান্ডারসনের যেকোনো একজনকে না খেলানোর সিদ্ধান্ত নিতে চেয়েছিল ইংল্যান্ড। এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন ইংলিশ কোচ ক্রিস সিলভারউড, ‘নিউল্যান্ডসে আমরা স্পিনার খেলানোর ব্যাপারে চিন্তাভাবনা করছি। রেকর্ড পর্যালোচনা করে কাকে খেলানো হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেব। যে সবচেয়ে প্রভাব ফেলতে পারবে তাকেই দলে নেওয়া হবে। হোমওয়ার্ক চলছে।’ জ্যাক লিচের নাম ভাবতে পারছে না ইংল্যান্ড, কারণ তিনি পুরোপরি সুস্থ নন। সদ্য জ্বর থেকে সেরে উঠেছেন। স্পিনার ডোম বেসকে খেলাতে পারে ইংল্যাান্ড। ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে তার। সেঞ্চুরিয়নে ইংল্যান্ড অ্যান্ডারসন, ব্রড, জোফরা আর্চার, বেন স্টোকস এবং স্যাম কুরানকে খেলিয়েছিল। কেপটাউনে ইনজুরির কারণে হয়তো আর্চারকে বসতে হবে। চার পেসার খেলালে অন্যরা নিশ্চিত। কেপটাউনে স্টোকসের দিকে বিশেষভাবে তাকিয়ে থাকবে ইংল্যান্ড। এই মাঠে ২০১৬ সালের জানুয়ারিতে ১৯৮ বলে ২৫৮ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। ১৫০ রানে অপরাজিত ছিলেন জনি বেয়ারস্টো। এই দুজন কেপটাউনে ইংল্যান্ডের ভাগ্যবদলের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন কি না দেখার।
নিউল্যান্ডসের রেকর্ড কিন্তু ইংল্যান্ডের পক্ষে কথা বলে না। সেই ১৯৫৭ সাল থেকে এই মাঠে কোনো টেস্ট জেতেনি ইংলিশরা। শেষ দুটি টেস্টের একটি হেরেছে। অন্যটি ড্র। ২০১০ সালে নিউল্যান্ডসে পরাজিত হয়েছিল ইংল্যান্ড। সর্বশেষ ২০১৬ সালের জানুয়ারিতে এই মাঠে বেন স্টোকসের ২৫৮ রানের অনবদ্য ইনিংসের ওপর ভর করে ড্র করেছিল তারা। এই মাঠে দক্ষিণ আফ্রিকা একটাই ভালো যে প্রায় হারে না বললেই চলে। শেষ ১৮ টেস্টে মাত্র একবার হেরেছে প্রোটিয়ারা। বিপরীতে জিতেছে ১৩ টেস্ট। ইনজুরিতে পড়া ওপেনার এডেন মার্করামের জায়গায় পিটার মালানের অভিষেক হবে আজ।
