খেলতে এসেছেন বাংলাদেশে। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল)। তাই স্পর্শকাতর বিষয়টিতে অনেক কথা বললেও পাকিস্তানি টপ অর্ডার ব্যাটসম্যান আহমেদ শেহজাদ কৌশল ব্যবহার করলেন। তাদের দেশে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ যাবে কি না সেটা নিতান্ত বাংলাদেশের সিদ্ধান্ত বলে নানাভাবে নিজের দেশকে নিরাপদ দাবি করে গেলেন।
শহীদ আফ্রিদি ইনজুরি নিয়ে দেশে ফিরে গেছেন। বিপিএলের সিলেট পর্বে মাশরাফী-তামিমের ঢাকা প্লাটুনে পাকিস্তান ক্রিকেটের ‘ব্যাড বয়’ শেহজাদ যোগ দিয়েছেন। বিপিএলের প্রথম আসরে বরিশাল বার্নসের হয়ে সেঞ্চুরি করা শেহজাদ সম্প্রতি আবার দেশের টি-টোয়েন্টি দলে ফিরেছেন। ফার্স্ট ক্লাসে গেল মাসে এক ম্যাচে দুই সেঞ্চুরি হাঁকিয়েছেন। আজ খুলনা টাইগার্সের বিপক্ষে তার টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। দুই মৌসুম পর।
‘গেল দুই বছর দুর্ভাগ্যের কারণে আসতে পারিনি। আগে শিরোপা জিতেছি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।’ ২৮ বছরের শেহজাদ বলছিলেন, ‘এবারও শিরোপা জেতার চেষ্টা করব।’ এই টুর্নামেন্টের প্রথম মৌসুমে ১৬ বলে ফিফটি আর ৪০ বলে সেঞ্চুরি হাঁকানো শেহজাদ খেলেছিলেন ১১৩ রানের অপরাজিত ইনিংস। বিপিএলে খেলা ২৭ ম্যাচে ১৩২.৫৩ স্ট্রাইক রেট ও ৪০.৭৩ গড়ে ৯৩৭ রান ডানহাতি ব্যাটসম্যানের। ফিফটি ৭টি। পাকিস্তানি বলে স্বাভাবিকভাবে বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফরের প্রসঙ্গ আসে। বাংলাদেশ জানিয়ে দিয়েছে, তারা শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলবে দেশটিতে। নিরপেক্ষ ভেন্যুতে খেলবে টেস্ট সিরিজ। পাকিস্তান মানতে চাইছে না। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
শেহজাদ নিজের দেশের পক্ষে কিছু ওকালতি করে গেলেন গতকাল দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে অনুশীলনের পর, ‘আমার মতে পাকিস্তান নিরাপদ দেশ। খেলোয়াড়দের খুব ভালো নিরাপত্তা দেওয়া হচ্ছে। শ্রীলঙ্কাও তো সফর করে গেল কদিন আগে। সফল সফর ছিল।’ তবে বাংলাদেশের প্রসঙ্গে বলেছেন, ‘এটা সম্পূর্ণ বাংলাদেশের সিদ্ধান্ত। তারা যা ভালো মনে করে তাই করা উচিত। ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করা হলে বলব, আমি হলে পাকিস্তানে গিয়ে সুন্দর উইকেটে খেলা, চমৎকার আতিথেয়তা ও খাবার উপভোগ করতাম। ক্রিকেট খেলার আদর্শ জায়গা পাকিস্তান।’
