প্রথম অপরাধই হবে শেষ অপরাধ: দুদক চেয়ারম্যান

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ১২:৪৩ এএম

কমিশনে নিয়োগের ক্ষেত্রে সব ধরনের তদবির-দুর্নীতির পথ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেছেন, ‘চাকরি যাওয়ার পর কোনো তদবিরে কাজ হবে না। প্রথম অপরাধই হবে শেষ অপরাধ। দ্বিতীয় সুযোগ পাওয়া যাবে না। এটাই দুদকের প্রশাসনিক কৌশল।’

বৃহস্পতিবার সেগুনবাগিচার কার্যালয়ে নতুন যোগদান করা ২৯ কর্মচারীর ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কমিশনের কর্মচারীদের অনৈতিক কাজ করার কোনো সুযোগ নেই। মানুষের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এসবের ব্যত্যয় হলে চাকরি হারাতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই ২৪ ঘণ্টার জন্য নিয়োগপ্রাপ্ত। এ জন্য গভীর রাতে অভিযানে যেতে পারব না বলার সুযোগ নেই। যখন নির্দেশনা আসবে, তখনই যেতে হবে।’

অনুষ্ঠানে বক্তব্য দেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, এ এফ এম আমিনুল ইসলাম, দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত, মহাপরিচালক (প্রশাসন) মো. জহির রায়হান, মহাপরিচালক (প্রশিক্ষণ ও আইসিটি) এ কে এম সোহেল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত