অর্থমন্ত্রীর বাসায় চুরি, গৃহকর্মীকে খুঁজছে পুলিশ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ০২:৫০ এএম

রাজধানীর গুলশান-২-এর ১০৩ নম্বর সড়কে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বাসায় আলমারির ড্রয়ার ভেঙে ৭০ হাজার টাকা চুরির অভিযোগে করা মামলায় গৃহকর্মী সালমা বেগমকে খুঁজছে পুলিশ। গত মঙ্গলবার চুরির অভিযোগ এনে লোটাস কামাল গ্রুপ অব কোম্পানির ম্যানেজার জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে গুলশান থানায় মামলাটি করেন। ঘটনার পর থেকে সালমা পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, গত ২৫ সেপ্টেম্বর কাজে আসেন সালমা বেগম। এরপর তিনি সব সময় বাসাতেই থাকতেন। ১৩ ডিসেম্বর বাসায় আলমারির ড্রয়ার ভেঙে ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান তিনি। ওই দিন তাকে খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। সালমা বেগমের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরের আত্রাই গ্রামে। তার বাবার নাম শাহাদৎ হোসেন। গুরুত্ব দিয়ে মামলার তদন্ত করা হচ্ছে। তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত