সিটি নির্বাচন সুষ্ঠু হবে : কাদের

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ০২:৫৪ এএম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে দাবি করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেছেন, আগে নির্বাচনটা দেখুন, কেমন নির্বাচন হয়। গতকাল বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ সমন্বয় টিমের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না, এটা প্রমাণের জন্য বিএনপি ঢাকার দুই সিটি নির্বাচনে অংশ নিচ্ছে দলটির নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এ ধরনের বক্তব্য হাস্যকর। তারা নির্বাচনে অংশগ্রহণ করবে নির্বাচনটা খারাপ এটা প্রমাণ করার জন্য। তারা কী করে বুঝল নির্বাচনটা খারাপ হবে? তিনি বলেন, নির্বাচন হওয়ার আগে মন্তব্য সিলেটেও করেছে, সেখানে তারা জিতেছে। কুমিল্লায় করেছিল, সেখানেও তারাই জিতেছে। এ ধরনের বক্তব্য দেওয়ার অর্থ হচ্ছে, তাদের গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা নেই। তারা আসলে ক্ষমতার রাজনীতি করে, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করে। ক্ষমতা পেলে সব ঠিক, ক্ষমতা না পেলে ঠিক হয় না। সিটি করপোরেশন নির্বাচন হবে, তারা অংশ নিয়েছে আমরা স্বাগত জানিয়েছি। নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, ক্রেডিবল হবে এ কথা আমরা বারবার বলছি।

মন্ত্রী কাদের বলেন, নারায়ণগঞ্জের এত সুষ্ঠু নির্বাচন সেখানে তারা কারচুপির অভিযোগ এনেছে। এটা তাদের পুরনো স্বভাব। তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনকে ভালো ফ্রি ফেয়ার করার জন্য সব ধরনের সহযোগিতা করব। বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে, জনগণ তাদের ভোট দিলে তারা জিতবে। আমাদের জনগণ না চাইলে আমরা হেরে যাব।

বিএনপি গণতন্ত্রের ভাষা বুঝে না দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা আইন মানেন না, তারা আদালত মানেন না, সংসদ মানেন না। কোনো কিছুতেই তাদের কোনো শ্রদ্ধা নেই। তাদের একমাত্র লক্ষ্য যেনতেনভাবে ক্ষমতায় যাওয়া। ‘দেশের শতকরা ৯০ জন লোক এ সরকারকে চায় না’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, তাদের নেতিবাচক রাজনীতির জন্য ৯০ শতাংশ মানুষ বিএনপিকে চায় না। এ সংখ্যাটা আস্তে আস্তে আরও বাড়বে। ইভিএম পদ্ধতিতে নির্বাচনে কোথাও কোনো কারচুপির অভিযোগ ওঠেনি দাবি করে ওবায়দুল কাদের বলেন, যেখানে ইভিএম নির্বাচন হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে বিএনপিই জয় পেয়েছে।

কাউন্সিলরদের মধ্যে বিতর্কিতরা বাদ পড়বে : কাউন্সিলর পদে দলীয় সমর্থন পাওয়া বিতর্কিতদের বাদ দেওয়ার জন্য টিম করে দেওয়া হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিভিন্ন জরিপের রিপোর্ট এবং মনোনয়ন বোর্ডে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। সব সিদ্ধান্ত সঠিক নাও হতে পারে। তিনি বলেন, কোথায় কোথায় আমাদের প্রার্থীর অবস্থা কী এবং কোথাও যদি বিতর্কিত প্রার্থী থেকে থাকে এগুলো আমরা ফাইন্ড আউট করব এবং আমরা যথাযথ প্রার্থী ঘোষণা করব।

শীতবস্ত্র বিতরণ করবে আওয়ামী লীগ : দেশের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে আওয়ামী লীগ। এজন্য তিনটি টিম করে দেওয়া হয়েছে। আগামী ১১, ১২ ও ১৩ জানুয়ারি টিমগুলো ভাগ হয়ে এ কর্মসূচিতে অংশ নেবে। ওবায়দুল কাদের বলেন, যেসব এলাকায় শীতের প্রকোপ বেশি সেসব এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত