থার্টি ফার্স্ট নাইটে বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপে ১০০ বিলিয়নেরও বেশি বার্তা আদানপ্রদান ঘটেছে। অ্যাপটির দশ বছর বয়সের মধ্যে রেকর্ড বার্তা আদানপ্রদানের ঘটনা ঘটল।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বিশ্বব্যাপী নতুন বছরের শুভেচ্ছা বার্তা পাঠাতে এর আগে এমনটা ঘটেনি বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
ফেসবুকের মালিকানাধীন কোম্পানিটি এক বিবৃতিতে জানায়, ‘৩১ ডিসেম্বর বিশ্বজুড়ে ১০ হাজার কোটিরও বেশি মেসেজ পাঠানো হয়েছে। শুধু ভারতেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ২০০০ কোটিরও বেশি মেসেজ পাঠিয়েছে। মাত্র একটি দিনে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা চমকে দিয়েছে বাকি ম্যাসেজিং অ্যাপকে।’
এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। প্রায় দুইশ কোটি ইউজার রয়েছে এই ম্যাসেজিং অ্যাপলিকেশনে। থার্টি ফার্স্ট নাইটে শুধু মেসেজ নয়, একই সঙ্গে স্টিকার ছবিও শেয়ার হয়েছে।
গত বছর একই সময়ে ৭৫ বিলিয়ন মেসেজ শেয়ার হয় হোয়াটসঅ্যাপে। যার মধ্যে ১৩ বিলিয়নেরও বেশি ছবি এবং ৫ বিলিয়ন ভিডিও ছিল।
গত এক বছরে বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপের সর্বাধিক জনপ্রিয় ফিচার ছিল টেক্সট ম্যাসেজিং। এরপরে স্ট্যাটাস এবং ছবি মেসেজ পাঠানো। সম্প্রতি কলিং এবং ভয়েস নোট সংযুক্ত হয়েছে অ্যাপটিতে। নতুন বছরে আরও অনেকগুলি ফিচার যুক্ত করছে কোম্পানিটি।
