ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপি নুরুল হক নুরসহ তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিতে আরও ১০ দিন সময় চেয়েছে।
শুক্রবার সন্ধ্যায় তদন্ত কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন দেশ রূপান্তরকে বলেন, নির্ধারিত সময়ে আমরা তদন্তকাজ শেষ করতে পারিনি। আমরা আরও ১০ কার্যদিবস সময় চেয়েছে। বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় অনেকের সঙ্গে কমিটি যোগাযোগ করতে পারেনি। তাই সময় চাওয়া হয়েছে।
উল্লেখ্য, তদন্ত কমিটিকে ছয় কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
গত ২২ ডিসেম্বর ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুরসহ তার সহযোগীদের ব্যাপক মারধর করে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। মারধরে ভিপি নুরসহ অন্তত ৩০জন আহত হন। এরপর দিন ২৩ ডিসেম্বর কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য অধ্যাপক অসীম সরকার, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন, সিন্ডিকেট সদস্য মো. মিজানুর রহমান ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মাঈনুল করিম, শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহা।
তদন্ত কমিটির বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, তদন্ত কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন আমাকে বৃহস্পতিবার বললেন কমিটিকে আরও কিছুদিন সময় দেওয়ার জন্য। তখন আমিও ভাবলাম সুষ্ঠু তদন্তের জন্য যদি সময় লাগে, তাহলে সময় তো দিতে হবে। কমিটিকে খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছি।
