বিয়ের কাবিন হয়েছে দুই মাস আগে। গতকাল শুক্রবার আসার কথা ছিল বরপক্ষের। কিন্তু তার আগে নিজ ঘর থেকে উদ্ধার করা হয়েছে ইডেন কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী মেহের আফরোজ মিতুর (২১) লাশ। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের সদস্যদের। মিতু মাগুরা শহরের কলেজ রোডের মুদি ব্যবসায়ী বাবুল আকতার মেয়ে।
প্রতিবেশীরা জানান, ১৫ দিন আগে মিতু ঢাকা থেকে মাগুরায় আসে। দুই মাস আগে তার সিদ্ধান্তের বাইরে বরিশালে খান ওয়ালিউল ইসলাম স্বাধীন নামে এক ছেলের সঙ্গে বিয়ের কাবিন করা হয়। কিন্তু বিয়ের চূড়ান্ত আনুষ্ঠানিকতার জন্য শুক্রবার মাগুরাতে আসার কথা ছিল বরপক্ষের। তার এক দিন আগে সকালে ঘরের দরজা বন্ধ করে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
মিতুর বাবা বাবুল আকতার বলেন, ‘বৃহস্পতিবার সকালে বাড়ির অন্যরা ঘুম থেকে উঠলেও মিতু দরজা বন্ধ করে ঘুমিয়ে ছিল। এ অবস্থায় বেলা ১১টার দিকে মিতুর মা তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বাবুল আকতার আরও বলেন, ওইদিন রাতেও তার স্বামীর সঙ্গে কথা হয়েছে। মেয়ের কথাবার্তায় কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। অথচ সে আত্মহত্যা করে বসবে এমন ভাবতেও পারিনি।
মিতুর মৃত্যুর বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মেয়েটি আত্মহত্যা করেছে নিশ্চিত হওয়ার পর থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। বিয়েসংক্রান্ত কিংবা অন্য কোনো বিষয়ে কারও সঙ্গে মনোমালিন্যের কারণেই এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
