বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী তাজু কারাগারে

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ০৩:০৪ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩২ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে গাড়ি পোড়ানোর মামলায় গতকাল শুক্রবার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গত বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হওয়ার পথে রাজধানীর টিকাটুলি এলাকার ইত্তেফাক মোড় থেকে তাকে গ্রেপ্তার করে বংশাল থানা পুলিশ। তাজউদ্দিন আহমেদ তাজু বংশাল থানা বিএনপির সভাপতি।

বংশাল থানার এসআই হেলাল উদ্দিন বলেন, দুই মামলায় তাজউদ্দিন তাজুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকাল শুক্রবার বংশাল থানার একটি গাড়ি পোড়ানোর মামলা ও একটি রিয়েল এস্টেটের সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানামূলে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তার বিরুদ্ধে কোনো জামিন আবেদন না থাকায় ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বংশাল থানার ওসি শাহীন ফকির বলেন, তাজউদ্দিন আহমেদ তাজুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত