কেপ টাউন টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২৬৯ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ডের প্রথম ইনিংস। তবে সফরকারীদের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাও সুবিধা করতে পারেনি। দ্বিতীয় দিন শেষে জমজমাট লড়াইয়ে এগিয়ে ইংল্যান্ডই।
শনিবার প্রোটিয়ারা ৮ উইকেটে ২১৫ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। এখনো ইংল্যান্ডের চেয়ে ৫৪ রানে পিছিয়ে আছে দলটি। ভারনন ফিল্যান্ডার ১৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। কেশব মহারাজ ৪ রান করে দিনের শেষ বলে ফিরেছেন।
জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও স্যাম কারেনের তোপের মাঝে প্রোটিয়াদের হয়ে দারুণ লড়াই করেছেন ডিন এলগার। তবে ডোমিনিক বেস তাকে সেঞ্চুরি বঞ্চিত করেছেন। ৮৮ রান করে ফেরেন এলগার।
এ ছাড়া ফন ডার ডুসেন ৬৮ রানের ইনিংস খেলেছেন। এলগারের সঙ্গে চতুর্থ উইকেটে তিনি গড়েন ১১৭ রানের জুটি।
ইংল্যান্ডের পক্ষে ৩ উইকেট নিয়ে দিনের সবচেয়ে সফল বোলার অ্যান্ডারসন। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন ব্রড ও কারেন।
এর আগে আগের দিনের ৯ উইকেট ২৬২ রান নিয়ে নতুন দিন শুরু করে ইংল্যান্ড। আর মাত্র ৭ রান যোগ করে গুটিয়ে যায় দলটি। অ্যান্ডারসনকে (৪) ফিরিয়ে কাগিসো রাবাদা ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে দেন। আগের দিন দারুণ লড়াই করা ওলি পোপ ৬১ রানে অপরাজিত থেকে যান।
দক্ষিণ আফ্রিকার পক্ষে প্রথম ইনিংসে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন রাবাদা। ২টি করে উইকেট নিয়েছেন ফিল্যান্ডার, আনরিক নর্তিয়ে ও ডোয়াইন প্রিটোরিয়াস।
সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্ট ১০৭ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচ সিরিজে তাতে ১-০ তে এগিয়ে তারা।
