বাতাসে ষড়যন্ত্রের গন্ধ আছে, রক্তের গন্ধ আছে : কাদের

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ০২:১৭ এএম

বাংলাদেশে আজও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত চলছে অভিযোগ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাতাসে ষড়যন্ত্রের গন্ধ আছে, রক্তের গন্ধ আছে। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। গতকাল শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, আমি আমার নেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতীয় পার্টির নেতাকর্মীদের উদ্দেশে এ কথাই বলে যেতে চাই, ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে আসুন একসঙ্গে হই। সাম্প্রদায়িক অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে আমরা পরাজিত করে সোনার বাংলা বিনির্মাণে কাজ করি। বাংলাদেশর উন্নয়ন অর্জন ও সাফল্যের দাবিদার আপনারাও। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের স্ট্র্যাটেজিক সম্পর্ক রয়েছে। সেটিকে ধরে রাখতে সবাইকে ভূমিকা পালন করতে হবে। আজ রাজনীতিতে সৌজন্যতাবোধ নেই। সৌজন্যতা রয়েছে ব্যানার-বিলবোর্ডে। রাজনীতিতে সৌজন্যতাবোধ বিরল প্রাণীর মতো হারিয়ে যাচ্ছে। রাজনীতির নেতিবাচক এ দিকটা আমরা এড়াতে পারছি না। তিনি বলেন, আজকেও কারও মৃত্যুর পরে অনুষ্ঠানে যেতে দ্বিধাবোধ হচ্ছে। এসব রাজনীতির জন্য শুভ নয়। গণতন্ত্রের জন্য শুভ নয়। গণতন্ত্র এক চাকার বাইসাইকেল নয়, গণতন্ত্র দুই চাকার বাইসাইকেল। এটা আমাদের মনে রাখতে হবে। ওবায়দুল কাদের বলেন, সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও মনে রাখতে হবে তাদের ভূমিকা অপরিহার্য গণতন্ত্রকে শক্তিশালী করতে। বিরোধী দলকে শক্তিশালী হতে হবে। শক্তিশালী বিরোধী দল ছাড়া শক্তিশালী গণতন্ত্র বিশ্বাস করা যায় না। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়েই রাজনীতিতে অলঙ্ঘনীয় দেয়াল সৃষ্টি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত