বৃষ্টি কমবে, রাতে বাড়বে শীত

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ০২:৪১ এএম

গত দুদিন বৃষ্টি হয়েছে দেশের অধিকাংশ জায়গায়। গত শুক্রবার প্রায় সারা দেশে বৃষ্টি হলেও গতকাল তা অনেকটা কমে গেছে। এদিন দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হয়েছে বেশি। বৃষ্টি ও মেঘলা আকাশের দরুন অধিকাংশ স্থানে দিনের তাপমাত্রা বাড়েনি। কিছু এলাকায় বরং কমেছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রাও কমেছে। অন্যদিকে রাতের তাপমাত্রাও তেমন একটা কমেনি। বাড়েনি শীতের তীব্রতা। তবে আজ রাতে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে কিছু এলাকায় শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। পাশাপাশি দিনের প্রথম ভাগে কিছু এলাকায় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আজ।

অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গত রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘রবিবার (আজ) দুপুর পর্যন্ত কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এরপর থেকে বৃষ্টি কেটে যাবে।  রাতের তাপমাত্রা অনেক কমে যেতে পারে। এ সময় দেশের পশ্চিম ও মধ্যাঞ্চলের কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। শৈত্যপ্রবাহ দু-তিন দিন অব্যাহত থাকতে পারে। এ সময়ে রাজধানীতেও রাতের তাপমাত্রা কমে যাবে।’

গতকাল চট্টগ্রাম ও বরিশাল বিভাগ ছাড়া দেশের অন্যত্র তেমন বৃষ্টিপাত হয়নি। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাঙ্গামাটিতে। টেকনাফ ছাড়া চট্টগ্রামের অন্যান্য এলাকায়ও মোটামুটি বৃষ্টি হয়েছে। বরিশালের প্রায় সব জায়গায় বৃষ্টি হয়েছে। খেপুপাড়ায় রেকর্ড হয়েছে ৩১ মিলিমিটার বৃষ্টি। একই সময়ে রাজধানীতে হয়েছে মাত্র ১ মিলিমিটার বৃষ্টি।

এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনাজপুরে ১২ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের চেয়ে কিছুটা বেশি। তবে এদিন উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় রাতের তাপমাত্রা কিছুটা কমেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেটে ২৫ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের দেশের সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে ২ দশমিক ২ ডিগ্রি কম। গতকাল রাজধানীতে দিনের তাপমাত্রা আগের দিনের চেয়ে কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা ছিল অপরিবর্তিত। এদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি ও সর্বনিম্ন ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। রুহুল কুদ্দুস জানিয়েছেন, রাজধানীতে আজ রাতের তাপমাত্রার সঙ্গে দিনের তাপমাত্রাও কিছুটা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আজকের পূর্বাভাসে বলা হয়েছে, কুষ্টিয়া অঞ্চলসহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও হালকা থেকে মাঝারি আকারে কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি কমে যেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৪ দিন রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত