আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করার জন্য কিছু প্রস্তাবনা নিয়ে বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন (ইসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দপ্তরে যাবে। গতকাল শনিবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ইসিতে একটি ডেলিগেশন টিম যাবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য আমাদের প্রস্তাব এবং দাবিদাওয়াগুলো সেই চিঠিতে থাকবে। এ ছাড়া নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ডিএমপি কমিশনার ও আইজি প্রিজন বরাবর চিঠি দেওয়া হবে। আর গণমাধ্যমগুলো যাতে নিরপেক্ষভাবে সংবাদ প্রচার করতে পারে, সে জন্য আমরা বিভিন্ন জায়গায় চিঠি দেব এবং আলোচনা করব।
বিএনপি মহাসচিব বলেন, বৈঠকে আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে ২১ জন করে সদস্যকে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে নির্বাচন পরিচালনার জন্য স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে আহ্বায়ক করে যুগ্ম সমন্বয়ক করা হয়েছে গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানকে। দক্ষিণে ড. খন্দকার মোশাররফ হোসেনকে আহ্বায়ক করে মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে যুগ্ম সমন্বয়ক করা হয়েছে। পরে এই দুই কমিটির নেতৃত্বে পরিচালনা কমিটি গঠন করে তারা জানাবেন।
এর আগে বিকেলে গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও অংশ নেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। স্কাইপের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
