‘গলাকাটা’ উদযাপনের জন্য ক্ষমা চাইলেন এই পাক পেসার

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ০৯:৫৩ এএম

অস্ট্রেলিয়া বিগ ব্যাশ লিগে উইকেট পাওয়ার পর ‘গলাকাটা’ ভঙ্গিতে উদযাপন করে সমালোচনায় পড়েছিলেন মেলবোর্ন স্টার্সের পাকিস্তানী পেসার হারিস রউফ। এ ঘটনার জন্য তরুণ এই ক্রিকেটার ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দারের প্রধান কোচ আকিব জাভেদ।

চলতি বিগ ব্যাশে দারুণ পারফরম্যান্স দিয়ে এরই মধ্যে সবার নজর কেড়েছেন রউফ। মাত্র তিন ম্যাচে নিয়েছেন ১০টি উইকেট! কিন্তু গত বৃহস্পতিবার সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচে উইকেট পাওয়ার পর অভিনব উদযাপনের কারণে এবার সমালোচনার পাত্র হন তিনি।

সিডনি থান্ডারের ড্যানিয়েল স্যামসকে বোল্ড করার পর উদযাপনে গলা কেটে ফেলার ভঙ্গি করেন রউফ! এমন উদযাপনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন অনেকে। তাদের মতে, এমন সেলিব্রেশনের কোনো স্থান ক্রিকেটে থাকা উচিত নয়। ইন্টারনেট জুড়ে অনেকেই প্রতিবাদ করেছেন রউফের এমন ভঙ্গির।

পাকিস্তান সুপার লিগে রউফের দল লাহোর কালান্দারের কোচ আকিব বলেন, “ক্রিকেটের চেতনার বিরোধী এই উদযাপন কালান্দার পর্যবেক্ষণ করেছে এমনটা আমি তাকে বলার পর অসঙ্গত এই উদযাপনের জন্য হারিস রউফ ক্ষমা চেয়েছে। সে এটাও বলেছে যে, পরের ম্যাচগুলোতে সে এমনটা করবে না।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত