সিরিজের প্রথম দুই টেস্টের মতো তৃতীয় ও শেষ টেস্টেও নিউজিল্যান্ডকে হারের দিকে নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। নাথান লায়নের স্পিন বিষে আড়াইশো ছাড়াতেই প্রথম ইনিংসে শেষ কিউইরা। এখনই জয়ের সুবাতাস পেতে শুরু করেছে দুইশোর বেশি রানের লিড পাওয়া অজি দল।
রোববার তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার লিড দাঁড়িয়েছে ২৪৩। প্রথম ইনিংসে ২০৩ রানের লিড পাওয়া দলটি বিনা উইকেটে ৪০ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে। ডেভিড ওয়ার্নার ২৩ ও জো বার্নস ১৬ রানে অপরাজিত আছেন।
বিনা উইকেটে ৬৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড গুটিয়ে যায় ২৫১ রানে। দলীয় স্কোরে পাঁচ রান জমা পড়তেই আঘাত হানেন লায়ন। সরাসরি বোল্ড হন টম ব্লান্ডেল (৩৪)।
নাথানের স্পিন আর প্যাট কামিন্সের পেসে সুবিধা করতে করে উঠতে পারেননি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৫২ রান করেছেন প্লেন ফিলিপস। এক রানের জন্য অর্ধশতক বঞ্চিত হয়েছেন অধিনায়ক ও ওপেনার টম ল্যাথাম।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে নাথান লায়ন ৬৮ রানে পাঁচটি উইকেট নেন। ৪৪ রানে ৩ উইকেট নেন কামিন্স। একটি উইকেট নেন স্টার্ক।
প্রথম দুই টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজটি এরই মধ্যে ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া।
