অপেক্ষার পালা শেষ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল মাতাতে সোমবারই বাংলাদেশে পা রাখবেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষ থেকেই সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিপিএল এখন শেষ পর্যায়ে চলে এসেছে। মঙ্গলবার থেকে শুরু হবে ঢাকার শেষ পর্বের খেলা। এলিমিনেটর, কোয়ালিফাইয়ার ও ফাইনালের আগে লিগ পর্বে সব মিলে বাকি আছে আর মাত্র ৮ ম্যাচ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের লিগ পর্বে আর দুই ম্যাচ বাকি। এরই মধ্যে অবশ্য শেষ চার নিশ্চিত হয়ে গেছে তাদের। সব ঠিক থাকলে গেইল সোমবার এলে মঙ্গলবার রাজশাহীর বিপক্ষে মাঠে নেমে পড়বেন। লিগ পর্বে চট্টগ্রামের শেষ ম্যাচ একই দলের বিপক্ষে ১১ জানুয়ারি।
এরপর চট্টগ্রাম ফাইনাল পর্যন্ত গেলে গেইল আরো দুটি বা সর্বোচ্চ তিনটি ম্যাচ পাবেন। চট্টগ্রামের হয়ে টুর্নামেন্টের শেষ পর্যন্তই থাকার কথা তার।
এবারের আসরের জন্য প্লেয়ার্স ড্রাফটে গেইলকে প্রথম সুযোগেই দলে নিয়েছিল চট্টগ্রাম। তবে পরে গেইল দাবি করেন কীভাবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে তার নাম উঠল তিনি তা জানেন না। তাতে তৈরি হয় জটিলতা। শেষ পর্যন্ত গেইলকে টুর্নামেন্টের শেষ দিকের কিছু ম্যাচের জন্য চূড়ান্ত করে চট্টগ্রাম।
