প্রথমবারের মতো ফেডারেশন কাপ জিতে নিয়েছে বসুন্ধরা কিংস। ৮৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনো টুর্নামেন্টের ফাইনালে ওঠা রহমতগঞ্জকে গতকাল ২-১ গোলে হারিয়েছে গতবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা বিজয়ীরা। টান টান উত্তেজনার শিরোপার লড়াইয়ে কোস্টারিকার হয়ে ২০১৮’র বিশ্বকাপ খেলা দানিয়েল কলিনদ্রেস করেন কিংসের দুটি গোল। ৪১ মিনিটে দুর্দান্ত হেডে বল জালে জড়িয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কিংস সমর্থকদের মধ্যে আনন্দের ঢেউ তোলেন কলিনদ্রেস। গোলের আগের মিনিটেই তাজিক সেন্টারব্যাক আপোপভ আসরোভ চোট নিয়ে মাঠ ছাড়ায় কিছুটা বেকায়দায় পড়েছিল রহমতগঞ্জ। আপোপভ মাঠ ছাড়ায় হওয়া ফাঁকা জায়গা থেকে বিশ্বনাথের ক্রসে হেড করে গোলটি করেন কলিনদ্রেস।
গোল শোধে মরিয়া রহমতগঞ্জকে ৬৪ মিনিটে সমতায় ফেরান অধিনায়ক মোমোদুহ বাহ। শাহেদের কর্নার থেকে হেডে গোল করেন গাম্বিয়ান এই ফরোয়ার্ড। এরপর বসুন্ধরাকে আবার এগিয়ে নেওয়ার সহজ সুযোগ হাতছাড়া করেন সুফিল। দু’দফায় সুযোগ পেয়েও বল জালে রাখতে পারেননি এই ফরোয়ার্ড। কিন্তু মাঠে কলিনদ্রেস ছিলেন। ব্যক্তিগত মুনশিয়ানায় ব্যবধান ২-১ করেন তিনি। রহমতগঞ্জের লিটনের পা থেকে বল কেড়ে নিয়ে খুব সহজেই বল জালে জড়ান কলিনদ্রেস।
