সিটি নির্বাচনে ইভিএম বন্ধের দাবি বিএনপির

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০৩:০১ এএম

ঢাকার দুই সিটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে দাবি জানিয়েছে বিএনপি। গতকাল রবিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সিটি নির্বাচনে পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালনের বিষয়ে অনুরোধ জানাতে আজ সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাক্ষাৎ চেয়ে গতকাল আবেদন করেছে বিএনপি।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় ইভিএমের মতো নিঃশব্দ নির্বাচনী কারচুপি পদ্ধতি কিছুতেই কার্যকরী ভূমিকা রাখতে পারে না। অতএব বিএনপি মনে করে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত দলবাজ ইসি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভবিষ্যতে এ দেশের মানুষের ভোটাধিকার স্থায়ীভাবে কেড়ে নেওয়ার এক মহাষড়যন্ত্র ও দুরভিসন্ধি।’

তিনি আরও বলেন, ‘কেএম নুরুল হুদা কমিশন সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের একতরফা সিদ্ধান্ত নিয়ে ডিজিটাল কারচুপির এক নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে; যা বাংলাদেশের বিধ্বস্ত নির্বাচনী ব্যবস্থার কফিনে সর্বশেষ পেরেক বলে ইতিহাসে গণ্য হবে। বাংলাদেশে ইতিপূর্বে ইভিএম ব্যবহারের অভিজ্ঞতায় তা প্রমাণিত।’

বিএনপি মহাসচিব বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকার ধাপে ধাপে অত্যন্ত ঘৃণ্যভাবে এ চক্রান্ত বাস্তবায়নের মাধ্যমে দেশকে ভোটহীন তথা গণতন্ত্রহীন রাষ্ট্রে পরিণত করে চলেছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি বিরোধী দলহীন এবং ভোটার ও প্রার্থীবিহীন একতরফা ভোট ছিল বাংলাদেশের গণতন্ত্রের জন্য সেরকমই একটি ভয়ংকর ধাপ। তারই ধারাবাহিকতায় ২৯ ডিসেম্বর রাত এবং ৩০ ডিসেম্বর ২০১৮ সালে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার চূড়ান্তরূপে লুণ্ঠন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এমন বিতর্কিত কাজে সরকার দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাবমূর্তিকেও ব্যবহার করার ঘৃণ্য অপতৎপরতা চালাচ্ছে। যার অংশ হিসেবে “ইভিএম” প্রকল্পে সেনাসদস্য নিয়োগের প্রচার চালিয়ে সরকার ও ইসি এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপি সেনাবাহিনীকে যেকোনো ধরনের বিতর্কিত কাজের বাইরে রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরও মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে বিএনপির চিঠি : ঢাকার সিটি নির্বাচনে পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালনের বিষয়ে অনুরোধ জানাতে আজ সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাক্ষাৎ চেয়ে বিএনপির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘সোমবার বিকেল ৩টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাক্ষাৎ চেয়ে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি আবেদন সচিবালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।’ বিএনপি মহাসচিবের নেতৃত্বে ১১ সদস্যদের প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চায় বলে এতে বলা হয়েছে।

শায়রুল কবির আরও জানান, গত শনিবার রাতে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত