রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় বাস থেকে নেমে ধর্ষণের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী (২১)। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে শিক্ষক ও সহপাঠীদের জানিয়েছেন ওই ছাত্রী। পরে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। গতকাল রাত ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হওয়ার তথ্য পাওয়া যায়নি।
গতকাল রাতে হাসপাতালে ওই ছাত্রী দেশ রূপান্তরকে জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের ছাত্রী। বিকেল সাড়ে ৫টার দিকে খিলক্ষেত থানা এলাকার শেওড়া যাওয়ার উদ্দেশে ঢাবির একটি বাসে ওঠেন ওই শিক্ষার্থী। সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। পরে রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেকে একা পড়ে থাকতে দেখেন। এরপর সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশাতে চড়ে ক্যাম্পাসে ফেরেন। পরে রাত ১২টার দিকে তাকে ঢামেকের ওসিসিতে ভর্তি করান সহপাঠীরা।
এদিকে খবর পেয়ে ঢাবির প্রক্টর একেএম গোলাম রব্বানী রাত দেড়টার দিকে নির্যাতনের শিকার ওই ছাত্রীকে দেখতে ঢামেকের ওসিসিতে যান।
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ওসি মো. কাজী সাহান হক রাত দেড়টায় দেশ রূপান্তরকে বলেন, ‘বিষয়টি আমাদের নলেজে এসেছে। আমি এখন ঘটনাটি জানার জন্য ওই শিক্ষার্থীর কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি।’
