ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে নিরাপত্তা জোরদার

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০৩:২৫ এএম

রাজধানীর বারিধারায় যুক্তরাষ্ট্রের দূতাবাসসহ বিভিন্ন স্থাপনার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের (সেন্সারি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইরাকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানি জেনারেল কাসেম সুলেইমানিসহ কয়েক জনের মৃত্যুর পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরান। এরই পরিপ্রেক্ষিতে মুসলিমপ্রধান বাংলাদেশের রাজধানী ঢাকায়ও যুক্তরাষ্ট্রের দূতাবাসসহ বিভিন্ন স্থাপনায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সেন্সারি পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা গতকাল রবিবার দেশ রূপান্তরকে বলেন, মাদানী অ্যাভিনিউয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসের তিন দিকেই বাড়তি ফোর্স দেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি। সেন্সারি পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি বিশেষ নির্দেশনাও আছে বলে জানান দূতাবাসে কর্মরত একজন বাংলাদেশি কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত