কিশোরের চোখ ধাঁধানো গোলে জিতল লিভারপুল

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০৯:১১ এএম

কার্টিস জোন্স নামের এক টিনএজারের বিস্ময়কর গোলে এফএ কাপ থেকে এভারটনকে বিদায় করেছে লিভারপুল।

লিভারপুলের একাডেমি থেকে উঠে আসা ১৮ বছর বয়সী জোন্স অ্যানফিল্ডে দূরপাল্লার শটে দূরের পোস্টের উপরের কোনা দিয়ে জাল খুঁজে নিয়ে লিভারপুলকে ১-০ গোলের জয় এনে দেন।

লিভারপুল প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার যে দল নিয়ে খেলেছিল, তার থেকে ৯ জনকে বিশ্রাম দিয়ে এদিন দল সাজান কোচ ক্লপ। এর মধ্যে তিনজনেরই হয়েছে অভিষেক: টাকুমি মিনামিনো, নাথানিয়েল ফিলিপস এবং ইয়াসের লারৌসি।

সবাইকে ছাপিয়ে আলো কেড়ে নেন জোন্স। দ্বিতীয়ার্ধের ৭১তম মিনিটে পোস্ট থেকে ২৫ গজের মতো দূরে বল পান। ডানপা দিয়ে রিসিভ করে শরীর গোলমুখে নিয়ে ওই ডান পায়েই শট নেন। দূরের পোস্টে বল যেতে যেতে লেটসুইং হয়। এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড বলের দিকে নজর রাখলেও ঠেকানো তো দূরের কথা, স্পর্শই করতে পারেননি।

জোন্সকে এমন গোল করতে দেখে ক্লপ নিজেই বিস্মিত। ম্যাচ শেষে একরাশ মুগ্ধতা নিয়ে সাংবাদিকদের বলেন, ‘এটাই লিভারপুল। এখানে খেলতে হলে ক্লাবের আদর্শকে সম্মান করতে হবে। সব সময় আমরা বিশ্বের সেরা ফুটবল খেলতে পারি না কিন্তু এমনভাবে লড়াই করতে পারি, যা অন্যরা পারে না। দিন শেষে একজন তরুণ এভাবে গোল করতে পারে ওই লড়াইয়ের মানসিকতা থেকেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত