নির্বাচনে জিততে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইব: তোফায়েল

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০১:৪৭ পিএম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে আওয়ামী লীগ গুরুত্ব সহকারে নিয়েছে। ভোটের মাধ্যমে নির্বাচন জিততে চায় দলটি। এ লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট চাওয়া হবে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ।

সোমবার রাজধানীর বনানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ গঠিত পরিচালনা কমিটি গণমাধ্যমের সঙ্গে এক পরিচিতি পর্ব আয়োজন করা হয়। এই কমিটির সমন্বয়ক তোফায়েল আহমেদ।

তিনি বলেন, নির্বাচন পরিচালনায় নেত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন। এই নির্বাচনকে আমরা গুরুত্ব সহকারে নিয়েছি। আমরা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করে জয়ী হতে চাই। জনগণের ভোটের মাধ্যমে জয়ী হতে চাই। তার জন্য কাজ করছি। এর জন্য নাগরিকদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাইব। বল প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে নির্বাচন জিতব, এই আশা আমরা করি না।

বিএনপি হতাশাগ্রস্ত এবং নালিশ করা তাদের ঐতিহ্য দাবি করে তোফায়েল বলেন, বিএনপি এখনই বলে যে, তারা নির্বাচনে জিতবে না আর সেটা জেনেও আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে এসেছে। এটা হতাশাগ্রস্তদের কথা। এতে তাদের নেতাকর্মীরাও হতাশ হয়। এই কথার মাধ্যমেই তারা হেরে গেছে। নালিশ করা, অভিযোগ করা তাদের ঐতিহ্য।

এদিকে বিএনপির সমালোচনা করে পরিচালনা কমিটির সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, বিএনপি কোনো রাজনৈতিক নয়। ক্যান্টনমেন্ট এ তাদের জন্ম। তারা গণতন্ত্রের কথা বলে, সামরিক গণতন্ত্রের। আর এখন তাদের কাছ থেকে আমাদের গণতন্ত্রের কথা শুনতে হয়। আমরা জনগণের পাশে থেকে রাজনীতি করতে চাই। নির্বাচন উপলক্ষে এক হাজার ৪০০ কেন্দ্রে আমাদের কমিটি থাকবে।

আলোচনা সভায় সবার দোয়া চেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম বলেন, গত ৯ মাসে আমার একটি অভিজ্ঞতা হয়েছে। আমি চাইব এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আপনারা দেখেছেন কীভাবে অতীতে কাজ করেছি। আমি আপনাদের সবার দোয়া চাই।

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে প্রার্থীদের পক্ষে আওয়ামী লীগের এই নির্বাচন পরিচালনা কমিটি যেন সাবলীলভাবে কাজ করতে পারে তার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশন কার্যালয়ে যাবে বলেও জানানো হয় কমিটির পক্ষ থেকে।

সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রচার ও তথ্য সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ চৌধুরীসহ অন্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত