‘অশিক্ষিত’ লোকেরা ভাবে মোদি ভুল করতে পারে না: অনুরাগ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০৬:০৫ পিএম

এর আগেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকারের বিরুদ্ধে কথার কামান দেগেছিলেন বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপ। এবার বিজেপি সরকারকে বললেন, ‘অশিক্ষিত’।

১১ ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) অনুমোদনের পর থেকে সরকারবিরোধী বিবৃতি দিয়ে যাচ্ছেন ‘সেক্রেড গেম’-খ্যাত নির্মাতা। এর জের ধরে সাম্প্রতিক টুইটার পোস্টে মোদিকে নিয়ে এ মন্তব্য করলেন।

হিন্দিতে টুইটারে লেখেন, “সিএএ/সিএবি থাকছে। তাদের পক্ষে এটা ফিরিয়ে নেওয়া অসম্ভব। কারণ তাদের কাছে এর অর্থ পরাজয়। এই সরকার সবকিছুকে জয় ও পরাজয় দিয়ে বোঝে। এগুলো তাদের অহংকার যে, সবকিছু পুড়ে ছাই হয়ে গেলেও মোদি কখনো ভুল হতে পারে না। কারণ অশিক্ষিত লোকেরা এ রকমই।”

‘অশিক্ষিত’ বলায় মন্তব্যের ঘরে একজন অনুরাগের সমালোচনা করেন। জবাবে বলেন, “দুঃখিত এটা আমার উদ্দেশ ছিল না… কিন্তু আমি কী বলতে চেয়েছিল আপনি বুঝতে পেরেছেন। যদি কাউকে অপমান বা ছোট করা হয় তবে দুঃখ প্রকাশ করছি। আমি এটা করতে চাইনি।”

এ দিকে শুক্রবার আরেক পোস্টে বলেন, “অনেক সময় আমার মনে হয়, পাকিস্তান না থাকলে মোদি জি-র সম্ভবত কথা বলার কোনো বিষয় থাকবে না। যাই হোক, তিনি কেবল তখনই কাজ করেন যখন চারপাশে কোনো ক্যামেরা থাকে।”

টুইটে মোদিকে ‘ফালতু কথা’ বন্ধ করার অনুরোধ জানান অনুরাগ। তাকে ‘আরবান নাজি’ বলেও উল্লেখ করেন।

মাঝে অনেক দিন টুইটারে ছিলেন না অনুরাগ কাশ্যপ। মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হলে কয়েক মাস রাজনৈতিক বিষয়ে মন্তব্য থেকে বিরত ছিলেন। জামিয়া মিলিয়া ইসলামিয়ার শিক্ষার্থীদের ওপর হামলার পর আবার টুইটারে নিয়মিত হন। বলেন, এখন চুপ থাকার সময় নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত