বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে ঢাকা-অটোয়া

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১১:৩৪ পিএম

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একটি কমিটি গঠনে একমত হয়েছে বাংলাদেশ ও কানাডা। যৌথ ওয়ার্কিং গ্রুপ নামের এই কমিটি দুই দেশের ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করে তা দূর করতে পরামর্শ দেবে। এছাড়া দেশ দুটির ব্যবসায়ীদের মধ্যে সংযোগ ঘটাতেও কাজ করছে এই গ্রুপ।

গতকাল সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বিনোইত প্রিফনতাইনের সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী কানাডার হাইকমিশনারকে বলেন, ২০২৭ সাল থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পরও কানাডা চলমান বাণিজ্য সুবিধা অব্যাহত রাখবে বলে বাংলাদেশ আশা করে। কানাডার ব্যবসায়ীরা বাংলাদেশ সফর করলে উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়বে। দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হলে বাণিজ্য ও বিনিয়োগে গতি আসবে। কানাডা-বাংলাদেশ এ গ্রুপ গঠনে একমত। যত দ্রুত সম্ভব এ গ্রুপ গঠন করা হবে। বাংলাদেশে এগ্রো প্রসেসিং জোন গড়ে তোলার বিপুল সম্ভাবনা রয়েছে। কানাডা এ খাতে বিনিয়োগ করলে লাভবান হবে।

কানাডার হাইকমিশনার বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এ গ্রুপ গঠন হবে, তত দ্রুত বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর কাজ শুরু করা যাবে। কানাডার ব্যবসায়ীরা বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হলে কানাডা অগ্রাধিকার ভিত্তিতে বাণিজ্য সহযোগিতা দেবে। কানাডা বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়নের সুযোগ নিতে আগ্রহী। এ সময় বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান তপন কান্তি ঘোষ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) শরিফা খান উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত