বিএনপির অপহৃত কাউন্সিলর প্রার্থী মিলল আলুক্ষেতে

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ০১:৫০ এএম

মুন্সীগঞ্জের এক আলুক্ষেতে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বাতিল হয়ে যাওয়া বিএনপি সমর্থিত

প্রার্থী মোস্তাফিজুর রহমান ফয়েজকে। গত রবিবার তিনি রাজধানী ঢাকা থেকে অপহৃত হন। গতকাল সোমবার তাকে মুন্সীগঞ্জ থেকে উদ্ধারের বিষয়টি দেশ রূপান্তরকে জানিয়েছেন ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের প্রেস সেক্রেটারি খুরশীদ আলম।

ফয়েজের পরিবারের সদস্যদের উদ্ধৃত করে তিনি বলেন, মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় ফয়েজ গত রবিবার সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করার জন্য যাচ্ছিলেন। পথে কে বা কারা তাকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে গতকাল ফয়েজকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের একটি আলুক্ষেতে পাওয়া যায়। কৃষকরা মুমূর্ষু অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করেন। পরে ঠিকানা জানতে পেরে গাড়িতে করে ঢাকায় এনে তাকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করান। ফয়েজ হাসপাতালের ১১৮ নম্বর কক্ষে চিকিৎসাধীন রয়েছেন।

গত রাতে ফয়েজকে দেখতে হাসপাতালে যান ইশরাক হোসেন। তিনি এ সময় তার চিকিৎসার খোঁজখবর নেন এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিষয়টি তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত