বাংলাদেশকে নিয়ে সতর্ক টিম পেইন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ০২:৩৬ এএম

অস্ট্রেলিয়ার সঙ্গে ৬ টেস্টে একটিই জয় বাংলাদেশের। সেটা ২০১৭ সালে, বাংলাদেশে অজিদের সর্বশেষ টেস্ট সফরের সময়। চলতি বছরের জুনে আবারও ২ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। এরপর নভেম্বরে ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ দল ভারতের সঙ্গে ৪ ম্যাচের টেস্ট সিরিজ। ভারতের সঙ্গে সিরিজের আগে বাংলাদেশে ওই সফরকে গুরুত্ব দিয়ে দেখছে অজিরা। সতর্ক বাংলাদেশ দলকে নিয়ে তা বোঝা গেল অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক টিম পেইনের কথায়। অস্ট্রেলিয়া গ্রীষ্মে ৫ টেস্টের সবকটিতে জয়ের পর গতকাল সিডনিতে পেইন বলেন, ‘যদি আমরা বাংলাদেশ সফরে যাই এবং সেখানে ভালো খেলে জিততে পারি, তারপর অস্ট্রেলিয়া ফিরে ভারতের সঙ্গে সিরিজটি জমজমাট হবে। অনেকেই (অস্ট্রেলিয়া-ভারত) সিরিজটির দিকে তাকিয়ে আছে।’ ভারতের সঙ্গে সিরিজের আগে বাংলাদেশে ওই সফরকে অস্ট্রেলিয়ার ‘গুরুত্বপূর্ণ’ না ভাবার কারণ অজানা থাকার কথা নয়। কারণ ২০১৭ সালে মিরপুরে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়েছিল বাংলাদেশ। পরের ম্যাচ অস্ট্রেলিয়া জিতে সিরিজ ড্র করে। সেই হারের কথা স্মরণ করে পেইন বলেন, ‘প্রথম লক্ষ্য বাংলাদেশ এবং এটাকে (সফর) হালকাভাবে নেওয়া যাবে না। আগে সেখানে (বাংলাদেশ) গিয়ে একটি টেস্ট জিতেছি এবং একটি টেস্ট হেরেছি। যারা গিয়েছিল (২০১৭) সবাই বলেছে, সেখানে খেলাটা কঠিন। বিশেষ করে আমরা যে সময়টিতে যাব।’ ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত