দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে দুষ্কৃতকারীদের হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া ইরফান পাঠান। তার মতে, কোনো মতেই এই হিংসা মেনে নেওয়া যায় না। পাঠানের সুরেই সুর মিলিয়েছেন গৌতম গম্ভীর।
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে রবিবার সন্ধ্যায় ছড়িয়ে পড়েছিল হিংসার আগুন। যার ফলে মাথায় আঘাত পেয়েছিলেন ছাত্র সংসদ সভাপতি ঐশী ঘোষ। সূত্রের খবর, আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই হামলায় আহত হয়েছেন আরও অনেকেই, যদিও সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। বেশ কিছু আহতকে ভর্তি করা হয়েছে ট্রমা কেয়ার সেন্টারে। হামলায় আহত হয়েছেন বেশ কজন অধ্যাপকও।
তারপরেই দেশজোড়া প্রতিবাদ শুরু হয়। যাদবপুর সহ বেশ কিছু এলিট শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল আয়োজন করে। এর মধ্যেই মুখ খুললেন বিজেপি সাংসদ ও সাবেক ক্রিকেটার গম্ভীর।
নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে গম্ভীর লেখেন, “বিশ্ববিদ্যালয় চত্ত্বরে এমন হিংসা দেশের চেতনার পরিপন্থী। ছাত্রদের মতাদর্শ যাই হোক না কেন, এভাবে আক্রমণ করা উচিত নয়। যে গুন্ডারা বিশ্ববিদ্যালয়ে ঢুকে এমন কাণ্ড ঘটিয়েছে, তাদের কঠিন শাস্তি দিতে হবে।”
পাঠান লিখেছেন, “জেএনইউ’তে যা ঘটেছে এটা মোটেই নিয়মিত ঘটনা নয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, হোস্টেলের মধ্যেই ছাত্রদের আক্রমণ করেছে সশস্ত্র দুষ্কৃতকারীরা। এটা মোটেই দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে না।”
একইভাবে টুইটারে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি, ব্যাডমিন্টন খেলোয়াড় জাওয়া গুত্তা ও টেনিস খেলোয়াড় রোহান বোপান্না।
