‘যদি-কিন্তু’র নিয়ম রেখে ডিপফেক নিষিদ্ধ করল ফেইসবুক

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১২:২৩ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আসার আগে কারসাজি করে বানানো ভিডিও কিংবা ছবি নিষিদ্ধ করার ঘোষণা দিল ফেইসবুক। ডিপফেক নামের বিশেষ এক প্রযুক্তি ব্যবহার করে এই ধরনের ভিডিও এবং ছবি বানানো হয়।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ফেইসবুক এমন সিদ্ধান্ত নেয়।

সম্পূর্ণ কিংবা আংশিক ভুয়া এইসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানটি নিষিদ্ধ করলেও পলিসিতে কিছুটা ফাঁকফোকর দেখা গেছে। কোম্পানিটির গ্লোবাল পলিসি ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট মনিকা বিকার্ট জানিয়েছেন, যদি কোনো ভিডিও বিদ্রূপ কিংবা ব্যঙ্গাত্মক হয় তাহলে সেটি সরানো হবে না। তবে কোনটিকে বিদ্রূপ এবং ব্যঙ্গাত্মক ক্যাটাগরিতে ফেলা হবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

ডিপফেক বলতে মূলত নকল ভিডিও, অডিও বা ছবিকে বোঝায়। আপাতদৃষ্টিতে তা দেখতে আসল মনে হলেও মোটেই আসল নয়। মেশিন লার্নিং ডিপফেক ভিডিও বানানোর প্রধান প্রযুক্তি। মেশিন লার্নিংয়ের একটি কৌশলের নাম ‘জেনারেল অ্যাডভারসেরিয়াল নেটওয়ার্ক’ (GAN)। এর মাধ্যমে প্রথমে একজন ব্যক্তির বিভিন্ন অভিব্যক্তির শতশত ছবি সংগ্রহ করা হয়।

সেই ছবিগুলো মেশিন লার্নিংয়ের মাধ্যমে প্রক্রিয়া করে তার মুখের সব ধরনের অভিব্যক্তির একটি গঠন তৈরি করা হয়। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ব্যক্তির গলার আওয়াজও হুবহু নকল করা সম্ভব। এসব ভিডিও ও অডিও নানাভাবে প্রক্রিয়া করে এমন একটি নকল ভিডিও তৈরি করা হয় যা খালি চোখে শনাক্ত করা অনেক কঠিন। এভাবে অনেক নারীর ভুয়া পর্ন তৈরি করে হয়রানি করা হচ্ছে।

বারাক ওবামা, কিম কার্দাশিয়ান এমনকি ফেইসবুকের সিইও মার্ক জাকারবার্গের ভিডিও তৈরি করেও অনলাইনে ছাড়া হয়েছে। ওই সময় নিজেদের পলিসি না থাকায় জাকারবার্গের ভিডিও ডিলিট করেনি ফেইসবুক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত