বিএবি’কে প্রধানমন্ত্রী

এপ্রিল থেকে এক অঙ্কের সুদ কার্যকর

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০১:১৮ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, দ্রুত শিল্পায়ন ও বিনিয়োগের স্বার্থে ব্যাংকগুলো আগামী এপ্রিল থেকে সিঙ্গেল ডিজিট সুদের হার বাস্তবায়ন করবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) একটি প্রতিনিধিদল গত সোমবার সন্ধ্যায় গণভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশা প্রকাশ করেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ সময় উপস্থিত ছিলেন।

বাসস জানায়, এক অঙ্কের সুদহার কার্যকর বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা ইতিমধ্যে যা বলেছেন তা আমি পুনরায় বলতে চাই না। আশা করি সিঙ্গেল ডিজিট সুদের হার বাস্তবায়ন করা হবে। তা না হলে দেশে প্রত্যাশিত বিনিয়োগ হবে না এবং বিনিয়োগের ধারাও সংকটাপন্ন হবে।’

তিনি আরও বলেন, ‘আপনারা এর আগে যেসব দাবি করেছেন, আমি তা পূরণ করেছি। কিন্তু আপনারা কথা রাখেননি। আশা করি এবার অঙ্গীকারের ব্যত্যয় ঘটবে না। আপনারা তা বাস্তবায়ন করবেন।’

বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, তারা আগামী এপ্রিল থেকে সিঙ্গেল ডিজিট সুদের হার বাস্তবায়ন করবেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার একা দেশের উন্নয়ন করতে পারে না। এ লক্ষ্যে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। বেসরকারি ব্যাংকের অনুমোদন দিতে গিয়ে সরকারকে বহু বাধার মুখোমুখি হতে হয়। পদ্মা সেতুর তহবিল বন্ধে যাদের ভূমিকা ছিল তাদের পক্ষ থেকেও বাধা ছিল। তারা প্রশ্ন করেছিল, দেশের অর্থনীতি যেহেতু অত বড় নয় সেক্ষেত্রে এতগুলো ব্যাংকের অনুমোদন দিয়ে কী হবে। সে সময় আমার উত্তর ছিলÑ এখন অর্থনীতি বড় নয়, একদিন এটি অনেক বড় হবে। শেখ হাসিনা বলেন, দেশের মানুষের বিনিয়োগ করার সক্ষমতা রয়েছে। আমরা ১০০ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছি। সেখানে মানুষ বিনিয়োগ করতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত