মানববন্ধনে জাফরুল্লাহ

ভারতীয় দূতাবাস লাগোয়া সড়কের নাম ফেলানী করা হোক

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০৩:৩০ এএম

গুলশানে ভারতীয় দূতাবাসের সামনের সড়কটির নাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ফেলানীর নামে নামকরণের দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এ দাবি জানান তিনি।

‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে সীমান্তহত্যা বন্ধ ও ন্যায়বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ফেলানী হত্যার ৯ বছরে এর কোনো প্রতিকার না হওয়া আমাদের গালে চড় দেওয়ার মতো। ভারতীয়দের এ ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই ভারতীয় দূতাবাসের সামনের রোড ফেলানীর নামে নামকরণ করা হোক। ভারতীয়দের মনে করিয়ে দিতে হবে, অন্যায়কে আমরা ভুলে যাইনি।’

তিনি বলেন, ‘জনগণের ঐক্যবদ্ধ চেষ্টা ছাড়া ভারতীয়দের এই অন্যায্য ব্যাপার বন্ধ করা যাবে না। ভারত জ্বলছে, ভারতের বিভক্তি আসন্ন। ভারতের ধ্বংস অনিবার্য। ভারতের ধ্বংসলীলা দেখতে থাকুন।’

ভারতে যেসব ঘটনা ঘটছে, বাংলাদেশে তার কোনো প্রতিবাদ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিএনপিপন্থি পেশাজীবী নেতা জাফরুল্লাহ বলেন, ‘সরকারের এই নতজানু ব্যবস্থাপনা ক্ষমতায় টিকে থাকার জন্য। যা দেশবাসীর জন্য ভয়ংকর অমঙ্গল ডেকে আনবে। ভারতীয় বাহিনী ১৫ বছর বয়সী ফেলানীকে নির্মমভাবে হত্যা করে ৫ দিন সীমান্তে ঝুলিয়ে রেখেছিল, তার কোনো প্রতিবাদ নেই। রাষ্ট্রীয়ভাবেও ভারতীয় সরকারকে কোনো প্রতিবাদ জানানো হয়নি।’

তিনি আরও বলেন, ‘ক্যান্টনমেন্টের একশ গজের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিগৃহীত হয়েছে। সারা দেশে আজ এসব ঘটনা ঘটে চলছে। এসব ঘটনা অবসানের জন্য দেশে প্রয়োজন গণতন্ত্র। গণতন্ত্রের লক্ষ্যে দেশের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মো. আনোয়ার, খলিলুর রহমান ইব্রাহিম, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, শাহজাহান মিয়া সম্রাট, সাইফুল ইসলাম শেকল, জসিম উদ্দিন কবির, রায়হানুল ইসলাম ও মাসুদুর রহমান বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত