‘আজ-কালের মধ্যেই’ পাকিস্তান সফরের সিদ্ধান্ত

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০৭:৪১ পিএম

পাকিস্তান সফরে বাংলাদেশ টেস্ট খেলবে কিনা তা বুধ বা বৃহস্পতিবারের মধ্যেই চূড়ান্ত হবে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’-এ প্রকাশিত খবরে এমনটাই বলা হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দুই বোর্ডের সভাপতির মধ্যে সরাসরি ফোনালাপ হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও পিসিবি সভাপতি এহসান মানি টেস্ট সিরিজ নিয়ে আলোচনা করেন বলে দাবি করেছে সেই সূত্র।

পিটিআইকে পিসিবির সূত্রটি জানায়, ‘নাজমুল হাসান মানিকে নিশ্চিত করেছেন, তিনি জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে কথা বলবেন। এরপর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাবেন।’

সূত্রটি আরো জানায়, ‘মানি এবং হাসানের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। সিরিজটি সম্ভব করার জন্য মাঝারি পথ পাওয়া যাবে।’

এফটিপি অনুযায়ী জানুয়ারি-ফেব্রুয়ারিতে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে পাকিস্তান সফর করার কথা বাংলাদেশ দলের। কিন্তু নিরাপত্তার কথা চিন্তা করে বিসিবি এই সফরে শুধু মাত্র টি-টোয়েন্টি খেলতে চায়। এরপর পরবর্তীতে কোনো সুবিধাজনক সময়ে টেস্ট খেলতে চায়। অথবা বিসিবির প্রস্তাব কোনো নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট আয়োজন করা হোক।

কিন্তু পিসিবি টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ এক সঙ্গে আয়োজনের সিদ্ধান্তে অনড়। দুই বোর্ডেরই এই অনড় অবস্থানে বাংলাদেশের পাকিস্তান সফরটাই এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

শেষ পর্যন্ত কী হয়, তা জানতে আসলে অপেক্ষায় সবাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত