নারীর প্রতি সম্মান জানিয়ে কলেজের অনুষ্ঠানে শাড়ি পরলেন ছাত্ররা। ভারতের পুনের ফার্গুসন কলেজে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় সংবাদমাধ্যম হোয়াটসশট জানায়, কলেজের টাই অ্যান্ড শাড়ি ডে উদ্যাপনে এমন দৃষ্টান্ত রাখেন তিন ছাত্র।
নারীদের প্রতি সম্মান জানাতে অনুষ্ঠানে শাড়ি পরেন আকাশ পাওয়ার, সুমিত হোনওয়াদাজকার ও রুশিকেশ সানাপ নামে এই তিন ছাত্র।
সেই সঙ্গে সমঅধিকারের দাবি ও লিঙ্গবৈষম্য ভাঙতে এমন সিদ্ধান্ত তাদের। এর মধ্য দিয়ে পোশাকের ভিত্তিতে লিঙ্গ পরিচয় ও সামাজিক মর্যাদা নির্ধারণকেও সমালোচনা করেন এই তিন ছাত্র।
আকাশ পাওয়ার বলেন, ‘লিঙ্গ সমতার সমর্থনে আজ আমরা এমন চিন্তা হাজির করেছি। আমাদের সমাজে শাড়ি একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। কিন্তু ঐতিহ্যের নামে শুধু নারীরাই কেন শাড়ি পরবে? তাই তাদের সমর্থনে আজ আমরাও শাড়ি পরলাম।’
এদিকে কলেজে তাদের শাড়ি পরে আসা নিয়ে হুলুস্থল পড়ে যায়। এই তিন ছাত্রের এমন কাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন অন্য শিক্ষার্থীরা। অনেকেই তাদের সঙ্গে ছবি তোলেন।
