দাবানলে অস্ট্রেলিয়ার ক্ষতি ৩৭ হাজার কোটি টাকা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১১:৩৯ পিএম

অস্ট্রেলিয়ায় গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দাবানলে ৩৭ হাজার কোটি টাকার বেশি অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে গবেষণা সংস্থা মুডির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে দ্য গার্ডিয়ান। ২০০৯ সালে দেশটির অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির রেকর্ডকেও অতিক্রম করেছে এই দাবানল।

মুডির অর্থনীতিবিদ ক্যাটরিনা ইলের মতে, এ দাবানলের ফলে অস্ট্রেলিয়ার মারাত্মক অর্থনৈতিক ক্ষতি হবে যা দেশটির ভোক্তাদের আস্থাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যেই। দাবানলে সৃষ্ট ধোঁয়ার কারণে অস্ট্রেলিয়ার নগরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ধোঁয়ার কারণে শিল্পপ্রতিষ্ঠান, কৃষি ও পর্যটন খাতে ব্যাপক ধস নেমেছে।

অস্ট্রেলিয়ায় দাবানলের মৌসুম আছে আরও কয়েক মাস। ইতিমধ্যেই ৮০ লাখ হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। সামনের মাসগুলোতে এর পরিমাণ আরও বাড়বে। ২০০৯ সালের দাবানলে মাত্র সাড়ে চার লাখ হেক্টর ক্ষতিগ্রস্ত ও ১৭৩ জনের মৃত্যু হয়েছিল। এবারের দাবানলে অতীতের তুলনায় মানুষ মৃত্যুর হার কম হলেও সম্পদের ক্ষয়ক্ষতি সর্বাধিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত