এক বছর পর টেস্ট ক্রিকেটে ফিরতে যাচ্ছে জিম্বাবুয়ে। হারারেতে এ মাসের শেষ দিকে শ্রীলঙ্কার সঙ্গে দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলবে জিম্বাবুয়ে। দলটির ভারতীয় কোচ লালচান্দ রাজপুত এই সিরিজের কথা নিশ্চিত করেছেন। গত বছরের অক্টোবরে আইসিসির সদস্যপদ ফিরে পাওয়ার পর এটিই হবে জিম্বাবুয়ের প্রথম কোনো সিরিজ। ১৯-২৩ এবং ২৭-৩১ জানুয়ারি হবে টেস্ট দুটি। এই সিরিজে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন নতুন টেস্ট অধিনায়ক অলরাউন্ডার শন উইলিয়ামস। কদিন আগে তাকে এবং চামু চিবাবাকে অস্থায়ীভাবে ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়। ২০১৮ সালের নভেম্বর বাংলাদেশের সঙ্গে সবশেষ টেস্ট খেলেছিল জিম্বাবুয়ে। তবে ফিরে আসার দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়, তাই কোনো পয়েন্ট থাকবে না এই সিরিজে। আইসিসির নিষেধাজ্ঞার কারণে বেশ কিছু সময় ক্রিকেট থেকে দূরে ছিল জিম্বাবুয়ে। ক্রিকেট বোর্ডের পরিচালনায় সরকারের হস্তক্ষেপের অভিযোগে গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করেছিল আইসিসি।
অক্টোবরে সদস্য পদ ফিরে পায় জিম্বাবুয়ে। তবে খেলোয়াড়দের পারফরম্যান্সের ব্যাপারে আশাবাদী কোচ লালচান্দ, ‘আমরা আমাদের ঘরোয়া পরিবেশ সম্পর্কে ভালো জানি, খেলোয়াড়রা ম্যাচের জন্য ফিট আছে এবং (ঘরোয়া ম্যাচ) খেলার মধ্যে ছিল। খেলোয়াড়রা এই সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছে।’
