ভালেন্সিয়াকে হারিয়ে ফাইনালে রিয়াল (ভিডিও)

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ০৮:৫৯ এএম

ছিলেন না তারকা খেলোয়াড়দের অনেকে। এরপরও স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে দাপট দেখাল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে এক গোলে ভালেন্সিয়াকে হারিয়ে টুর্নামেন্টটির ফাইনালে উঠেছে জিনেদিন জিদানের দল।

সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে বুধবার রাতে ভালেন্সিয়াকে ৩-১ গোলে হারায় রিয়াল। টনি ক্রুস ও ইস্কোর গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে দলের তৃতীয় গোলটি করেন লুকা মদ্রিচ।

শ্বাসতন্ত্রে সংক্রমণের কারণে সৌদি আরব সফরে দলের সঙ্গে নেই রিয়ালের ওয়েলস উইঙ্গার বেল। আর হাটুর চোঁট এখনও কাটিয়ে উঠতে না পারায় নেই বেলজিয়ান স্ট্রাইকার এডেন হ্যাজার্ড। আর পায়ের চোটের সঙ্গে লড়ছেন রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।

গুরুত্বপূর্ণ এই তিন খেলোয়াড় না থাকলেও ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ নিতে অসুবিধা হয়নি রিয়ালের। দেরি হয়নি গোল পেতেও। পঞ্চদশ মিনিটে কর্নার থেকে বল পেয়ে দূরহ কোণ থেকে ডান পায়ের শটে দলকে এগিয়ে নেন জার্মান মিডফিল্ডার ক্রুস।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে দ্বিতীয় গোল পায় রিয়াল। এবার জালের দেখা পান ইস্কো। ডি-বক্সের মাঝামাঝিতে বল পেয়ে দারুণ এক ভলিতে জালে বল জড়ান স্প্যানিশ এই মিডফিল্ডার। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেনের সবচেয়ে সফল দল।

ভালেন্সিয়ার কফিনে শেষ পেরেক ঠুকেন মদ্রিচ। ৬৫তম মিনিচে লুকা জোভিচের বল পেয়ে ডান দিক থেকে ডান পায়ের শটে গোলটি করেন ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার।

ম্যাচের যোগ করা সময়ে সান্ত্বনাসূচক গোল পায় ভালেন্সিয়া। ডি-বক্সে রিয়াল অধিনায়ক সের্হিও রামোসের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করে ভালেন্সিয়ার খেলোয়াড়রা। ভিএআর সহায়তা নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে গোলটি করেন ভালেন্সিয়া অধিনায়ক দানিয়েল পাজেরো।

আগামী সোমবার টুর্নামেন্টটির ফাইনাল। শিরোপার চূড়ান্ত লড়াইয়ে রিয়ালের প্রতিপক্ষ হবে বার্সেলোনা ও আতলেতিক মাদ্রিদ মধ্যকার অপর সেমি-ফাইনালের জয়ী দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত