স্প্যানিশ সুপার কাপ খেলতে বার্সেলোনা দল এখন সৌদি আরবের জেদ্দায়। মূল লড়াইয়ে মাঠে নামার আগের দিন বুধবার ভিন্ন ধরনের এক অভিজ্ঞতা হলো এরনেস্তো ভালভেরদের দলের। অনুশীলন মাঠে যাওয়ার সময় পথবিভ্রাটে পড়ে তারা!
জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটিতে বৃহস্পতিবার টুর্নামেন্টটির সেমি-ফাইনালে আতলেতিকোর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। আগের দিন স্থানীয় ক্লাব আল-ইতিহাদ ক্লাবের মাঠে অনুশীলনে যাওয়ার কথা ছিল তাদের। সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা ছিল স্থানীয় সময় বিকেল পৌনে ৬টায়।
কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে উপস্থিত হতে দেরি হচ্ছিল বার্সেলোনার টিম বাসের। ড্রাইভার যে বাস নিয়ে যাচ্ছিলেন কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটির দিকে। যেখানে বুধবার রাতে প্রথম সেমি-ফাইনালে নামার প্রস্তুতি নিচ্ছিল রিয়াল মাদ্রিদ ও ভালেন্সিয়া।
আল ইতিহাদ ক্লাবের ট্রেনিং গ্রাউন্ড আর কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামের মধ্যে ফারাক ৩০ কিলোমিটার। এর মধ্যে রাস্তায় ছিল যানজট। ফলে অনুশীলন মাঠে উপস্থিত হতে ৪৫ মিনিট দেরি হয় বার্সেলোনার।
এ ব্যাপারে কাতালান ক্লাবটির কোচ এরনেস্তো ভালভেরদে সংবাদ সম্মেলনে বলেন, “একটু ভুল হয়ে গিয়েছিল। রিয়াল মাদ্রিদ ও ভালেন্সিয়া যে মাঠে খেলবে আমরা সেই স্টেডিয়ামে চলে গিয়েছিলাম। স্টেডিয়ামটিতে পৌঁছানোর আগে আমরা বিষয়টি বুঝতে পারি। এরপর রাস্তায় কিছুটা যানজট ছিল। তাই আমাদের দেরি হয়েছে।”
