রাতে জেদ্দায় বার্সেলোনা-আতলেতিকো লড়াই

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ০৩:৩৩ পিএম

স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে রাতে মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। সেমি-ফাইনালের লড়াইয়ে স্পেনের আরেক শক্তিশালী দল আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে তারা।

আগে থেকে সিদ্ধান্ত অনুযায়ী নতুন নিয়মে এবারের স্প্যানিশ সুপার কাপের লড়াই হচ্ছে সৌদি আরবে। দেশটির জেদ্দা শহরের কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটিতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বার্সা-আতলেতিকো।

টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনালের লড়াইয়ে ভালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ফাইনালে দলটির প্রতিপক্ষ হতে লড়বে গত আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা ও আতলেতিকো।

চলতি মৌসুমে এরই মধ্যে একবার মুখোমুখি হয়েছে দল দুটি। লা লিগায় ওই লড়াইয়ে লিওনেল মেসির একমাত্র গোলে আতলেতিকোর মাঠ থেকে জয় নিয়ে ফেরে বার্সেলোনা।

এবারও আতলেতিকোর বড় চ্যালেঞ্জ হবে মেসিকে আটকানো। দুর্দান্ত ফর্মে আছেন বার্সেলোনা অধিনায়ক। চলতি লা লিগায় এরই মধ্যে করেছেন ১৩টি গোল, অবদান রেখেছেন আর ১৬টি গোলে!

ম্যাচটিতে আতলেতিকোর বড় শক্তি হবে আলভারো মোরাতা। ছন্দে আছেন স্প্যানিশ এই স্ট্রাইকার। চলতি লা লিগায় সাতটি গোল করার পাশাপাশি অবদান রেখেছেন বেশকিছু গোলে।

ম্যাচটিতে নিয়মিত গোলরক্ষব মার্ক-আন্ড্রে টের স্টেগানকে পাচ্ছে না বার্সেলোনা। হাঁটুর চোটে ভুগছেন তিনি। তাছাড়া চোটের কারণে দলে নেই মিডফিল্ডার আর্থার মেলো ও ফরোয়ার্ড উসমানে দেম্বেলেকে। তাদের জায়গায় দলে ডাক পেয়েছেন বার্সার অ্যাকাডেমি দলের তারকা অনসু ফাতি, রিকি পুইজ ও রোনাল্ড আরোউজো। আর আক্রমণভাগে মেসি, অঁতোয়ান গ্রিজমান ও লুইস সুয়ারেস তো আছেনই।

এদিকে, চোট কাটিয়ে আতলেতিকো শিবিরে ফিরেছেন সেন্ট্রাল ডিফেন্ডার স্তেফান সেভিচ। ম্যাচটিতে ছন্দে থাকা বার্সেলোনাকে রুখে ফাইনালে ওঠার সকল ছকই এঁকে রেখেছেন আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত