জাতীয় পার্টির (জাপা) সাইফুদ্দিন আহমেদ মিলন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদের লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন।
ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সমর্থনে সাইফুদ্দিনকে তার দল জাপা সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে। জাপার মহাসচিব মসিউর রহমান বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য দেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল বৃহস্পতিবার। শুক্রবার প্রতীক বরাদ্দের পর থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করবেন প্রার্থীরা। দুই সিটিতে ভোট গ্রহণ করা ৩০ জানুয়ারি।
জাপা মহাসচিব মসিউর রহমান বলেন, ‘বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ দলের শীর্ষ নেতাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সাইফুদ্দিনকে তার মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। আমাকে সিদ্ধান্তের বিষয়টি জানাতে বলা হয়েছে। আমি প্রার্থীকে জানিয়ে দিয়েছি। তিনি প্রত্যাহার করবেন।’
জাতীয় পার্টির মহাসচিব বলেন, ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে মহাজোটের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সমর্থনে এই সিদ্ধান্ত নিয়েছে জাপা।
