শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যত্রতত্র অনার্স খুলে আমরা শিক্ষিত বেকার তৈরি করে ফেলেছি। আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না। তাই সরকার কর্মমুখী ও কারিগরি শিক্ষার ওপর অধিক গুরুত্বারোপ করছে।
গতকাল রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির জাতীয় সম্মেলন ২০২০ ও ২৪তম কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লব সম্পর্কে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ঘোষণার ফলে আমরা চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় একধাপ এগিয়ে রয়েছি।’ শিক্ষক সংকট দূরীকরণে শিগগিরই পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে সাত হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘দক্ষ জনশক্তি গঠনে প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হতে হবে। এ কারণে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি আলতাফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দিন আহমেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার বুলবুল আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
