ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারে বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটেছে।
শুক্রবার জুমার নামাজের পর উত্তরা ৭ নম্বর সেক্টর জামে মসজিদের সামনে থেকে তিনি নির্বাচনী প্রচার শুরু করেন।
নেতাকর্মী ও সমর্থকদের ঠেলাঠেলিতে তাবিথ আউয়ালসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা নিজেদের সামলাতে হিমশিম খান।
প্রায় আধা ঘণ্টা মিছিল ও স্লোগানের পর সড়কের পাশে দাঁড়িয়ে তাবিথ আউয়ালসহ কেন্দ্রীয় নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন।
তাবিথ আউয়াল বলেন, ‘আশা করি, নির্বাচন কমিশন আজকের এই উত্তাল জনগণের আওয়াজ শুনবেন এবং সে অনুযায়ী নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন।’
তিনি বলেন, ‘মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। অবশ্যই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আমরা ভোটারদের সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার যাত্রা শুরু করলাম। সরকারের দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, নির্যাতনের বিরুদ্ধে মানুষ এই নির্বাচনে জবাব দেবে।’
এ সময় উত্তর সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লা, মো. শাহজাহান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী, যুবদলের সভাপতি সাইফুল আলম, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুবদলের ঢাকা উত্তরের সভাপতি জাহাঙ্গীর প্রমুখ।
তাবিথ আউয়াল রাত ১০টা পর্যন্ত উত্তরার ৭ নম্বর সেক্টর হয়ে ১০ নম্বর সেক্টরের বিভিন্ন এলাকা, দিয়াবাড়ি, ১২ নম্বর সেক্টরের খালপাড়সহ ওই এলাকায় নির্বাচনী প্রচার চালাবেন বলে জানা গেছে।
