শ্রেষ্ঠ ডিজিটাল বিশ্ববিদ্যালয় অ্যাওয়ার্ড পেল শাবিপ্রবি

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ০৯:১৯ পিএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অনন্য অবদানের জন্য শ্রেষ্ঠ ডিজিটাল বিশ্ববিদ্যালয় অ্যাওয়ার্ড- ২০১৯ পেয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এর আগে শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে বিশেষ অবদানের জন্য ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ পুরস্কার পেয়েছিল বিশ্ববিদ্যালয়টি।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় তিনি বলেন, কম্পিউটার কোর্সকে সবার জন্য বাধ্যতামূলক করা, শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ক্লাস উপস্থিতি সিস্টেম এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বায়োমেট্রিক উপস্থিতি সিস্টেম চালু, রোবট ‘লি’ ও ‘রিবো’ তৈরির জন্য শাবিপ্রবিকে এ পুরস্কারে মনোনীত করা হয়।

তিনি বলেন, ডিজিটাল বিশ্ববিদ্যালয় অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমরা ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯’ পুরস্কার উপকমিটির কাছে বিশ্ববিদ্যালয়ের ডিজিটালাইজড ক্যাম্পাস সম্পর্কে ২৬ টি পয়েন্ট পাঠাই। পরবর্তীতে তারা এর মধ্যে ৩ টি পয়েন্ট বাছাই করে এ পুরস্কারের জন্য মনোনীত করে আমাদের বিশ্ববিদ্যালয়কে।

তিনি আরও বলেন, বুধবার রাজধানীর বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অ্যাওয়ার্ড প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত