অবহেলায় রোগীর মৃত্যু স্বজনদের বিক্ষোভ

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১০:৩২ পিএম

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় মনি সংকর সরকার (৪০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

স্বজনরা জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে আমাদির ডা. হেলালির মৎস্য খামারে কাজ করা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন সরকারপাড়ার নিরঞ্জন সরকারের ছেলে মনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু সেখানে কোনো চিকিৎসক ছিল না। দায়িত্বরত নার্সদের কাছে চিকিৎসকদের খোঁজ নিলে তারা জানান, আপনারা চিকিৎসকদের খুঁজে নিয়ে আসেন। নার্সদের কাছে চিকিৎসকদের ফোন নাম্বার চাইলেও তারা দেননি। এ অবস্থায় প্রায় আধাঘণ্টা পার হয়ে যায়। তখন হাসপাতাল পরিদর্শনে আসেন সিভিল সার্জন সুজাত আহম্মেদ। তিনি মনিকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। পরে মনির স্বজনরা ও স্থানীয়রা বিক্ষোভ মিছিল করে দায়িত্বরত চিকিৎসকের শাস্তি দাবি জানান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা পার্থ বলেন, ‘আমি বাইরে আছি। দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, শুনেছি হাসপাতালে আসার আগেই রোগী মারা গেছেন।’ সিভিল সার্জন সুজাত আহম্মেদ বলেন, ঘটনাটি তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কয়রা থানার ওসি রবিউল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত