টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এবার ওয়ানডে পরীক্ষা। এখানেও নিজের জাত চেনাতে চান মারনাস লাবুশেন। রান করতে চান বিরাট কোহলি বা স্টিভেন স্মিথের মতো ধারাবাহিকভাবে। ১৪ টেস্টের ২৩ ইনিংসে চার সেঞ্চুরিসহ ৬৩.৪৩ গড়ে করেছেন ১৪৫৯ রান। ভারত সফরে ওয়ানডে অভিষেক হবে তার। টেস্টের মতোই এখানে সফল হতে চান তিনি। সংবাদমাধ্যমকে লাবুশেন বলেছেন, ‘স্টিভেন স্মিথ, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন ও জো রুটÑ এদেরকে আমি অনুসরণ করি এবং এদের কাছ থেকে অনুপ্রেরণাও পাই। এরা লম্বা সময় ধরে প্রায় পাঁচ-ছয় বছর ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছে। মনে রাখতে হবে কেবল এক ফরম্যাটে নয়, দুই বা ততোধিক ফরম্যাটে তারা সফল।’ তিনি আরও বলেন, ‘এই মৌসুমে আমি কিছু সাফল্য পেয়েছি। কিন্তু আসল চ্যালেঞ্জ হলো আরও ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাওয়া এবং রান করা। আমি ধারাবাহিক পারফরম্যান্স করতে পারব কি-না সেটাই আমার কাছে এখন বড় চ্যালেঞ্জ।’ ভারত সফরের চ্যালেঞ্জ সম্পর্কে লাবুশেন বলেন, ‘আমি ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ জেতার জন্য উদগ্রীব। অবশ্যই তারা অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ। সেখানে সফল হতে ভালো স্পিন খেলা শিখতে হবে। সুতরাং আমাকে আগে পরিষ্কারভাবে স্পিন খেলা শিখতে হবে এবং আত্মবিশ্বাস রাখতে হবে।’
×
