রাজধানীতে শিশু ও কিশোরী দল বেঁধে ধর্ষণ

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ০৩:৩১ এএম

রাজধানীর কামরাঙ্গীরচরে এক কিশোরীকে (১৩) দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে পূর্ব রসুলপুর এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে ধর্ষণে জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো হাসান (১৮), সিফাত (১৮), সবুজ (১৮), রনি (১৮) ও ধর্ষণের শিকার ওই কিশোরীর বান্ধবী।

রাজধানীর ভাটারায় এক শিশুকে (১২) দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রাতে ওই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামরাঙ্গীরচর থানার ওসি এ বি এম মশিউর রহমান দেশ রূপান্তরকে জানান, গ্রেপ্তার বান্ধবীর মাধ্যমেই অভিযুক্তদের

সঙ্গে পরিচয় হয় ধর্ষণের শিকার ওই  কিশোরীর। এরই সূত্র ধরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই কিশোরীকে রসুলপুর এলাকায় ডেকে নিয়ে যায় তারা। পরে অনেক কৌশলে সেখানকার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্তরা। বাড়িতে ফিরে সব ঘটনা তার পরিবারের সদস্যদের কাছে খুলে বলে ওই ভুক্তভোগী। পরে রাতেই ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

হবিগঞ্জে কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার : হবিগঞ্জের চুনারঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে বৃন্দাবন সরকারি কলেজের ছাত্রীকে দল বেঁধে ধর্ষণ মামলার প্রধান আসামি শামীম আহমেদ মামুনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বুধবার ওই কলেজছাত্রী বাদী হয়ে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এ পাঁচজনকে আসামি করে মামলা করেন।

চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক দেশ রূপান্তরকে জানান, বৃহস্পতিবার ভোরে মামুনকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামুন ছাড়াও মামলার অন্য চার আসামি হলো হবিগঞ্জ সদর উপজেলার আক্কাছ আলী (২০), বানিয়াচংয়ের ফজলুর রহমান (২৪), নবীগঞ্জের আলী হোসেন (২৪) ও চুনারঘাটের জুনেদ লতিফ (২৭)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নির্যাতনের শিকার হবিগঞ্জ শহরের একটি আবাসিক এলাকার বাসিন্দা ওই কলেজছাত্রীর সঙ্গে মামলার প্রধান আসামি মামুনের গ্রেমের সম্পর্ক ছিল। ৭ জানুয়ারি দুপুরে ওই কলেজছাত্রীকে সাতছড়ি জাতীয় উদ্যানে বেড়াতে নিয়ে যায় মামুন। পরে সেখানে মামুন তার সহযোগী চারজনকে নিয়ে ওই কলেজছাত্রীকে ধর্ষণ করে।

সোনারগাঁয়ে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কিশোর গ্রেপ্তার : সোনারগাঁয়ে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক কিশোরকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বশিরগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বুধবার ওই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা।

তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ আহসানউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের কাছে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। এ ঘটনায় শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত মঙ্গলবার বিকেলে অভিযুক্ত কিশোর ওই ছাত্রীকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে উপজেলার বশিরগাঁও গ্রামের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। ওই সময় ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতিও দেখায় সে। পরে ওই ছাত্রী বাড়ি ফিরে তার বাবা-মাকে ঘটনাটি খুলে বলে। পরে বুধবার রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত