জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি। দীর্ঘদিন নাটকে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। এবার বড় পর্দায় এসেছেন। তার অভিনীত ‘জয়নগরের জমিদার’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। এই সিনেমা ও অন্যান্য প্রসঙ্গে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
‘জয়নগরের জমিদার’...
আমার অভিনীত প্রথম বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্র এটি। এ বছরের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবিও এটি। যার মাধ্যমে আমাদের প্রেক্ষাগৃহগুলো এ বছরের যাত্রা শুরু করেছে। সব মিলিয়ে আমার জন্য পুরো সময়টাই ভীষণ আনন্দের এবং অসাধারণ প্রাপ্তির। একজন অভিনয়শিল্পী হিসেবে বড় পর্দায় অভিনয়ের আকাক্সক্ষা আমার বরাবরই ছিল। তাই এ কাজটি আমার অভিনয় জীবনে নতুন সংযোজন।
কাজের অভিজ্ঞতা
চলচ্চিত্রের চলমান অস্থিতিশীল সময়ে ‘জয়নগরের জমিদার’-এর মতো একটি ইতিহাসনির্ভর ভিন্নধারার সিনেমা নির্মাণের জন্য ভালোবাসা এবং নিষ্ঠা খুবই প্রয়োজন। সে বিবেচনায় প্রযোজক আবু সাঈদ খান এবং পরিচালক এম সাখাওয়াত হোসেন প্রশংসার দাবি রাখেন। এই সিনেমার সামগ্রিক আয়োজন ছিল বেশ বিস্তৃত এবং অভিনয়শিল্পীরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ ভালো কাজটুকু দর্শকদের দেওয়ার চেষ্টা করেছেন।
পোস্টার বিতর্ক...
আমিও জেনেছি, এই সিনেমার পোস্টার নিয়ে অনেক কথা হচ্ছে। তবে এ ক্ষেত্রে শিল্পীদের করণীয় কতটুকু তা সবাই জানেন। এমনকি পরিচালকও এর জন্য কতটুকু দায়ী তা আমি জানি না। প্রযোজকরা কী বুঝে আমাদের মতো পরিচিত মুখ রেখে গানের শিল্পীদের ছবি দিয়ে পোস্টার করেছেন তা আমি জানি না। তবে শুনেছি এই পোস্টারের জন্য বরং তাদের ক্ষতিই হয়েছে। সেই সঙ্গে আমি আরেকটি কথা বলতে চাই। আমরা অশ্লীল সিনেমা বা কাটপিসের আমল পেরিয়ে এলেও অনেক সিনেমায় ভালো পোস্টারের আড়ালে এখনো অশ্লীলতা দেখানো হচ্ছে। কিন্তু আমাদের সিনেমায় একটি মৌলিক গল্পের সামাজিক পরিবেশনা দেখবেন। শুধু তাই নয়, এর প্রতিটি শিল্পী, কলাকুশলী দেশের। শতভাগ দেশি এই কাজটিকে সমর্থন করা উচিত সবার।
চলচ্চিত্রে নিয়মিত...
অবশ্যই আমি চলচ্চিত্রে নিয়মিত হব এবং দর্শক নাটকে আমাকে যেমন বৈচিত্র্যময় সব চরিত্রে দেখেছে, ফিল্মেও আমার সেই চেষ্টা অব্যাহত থাকবে।
অন্যান্য ব্যস্ততা...
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পান্থ শাহরিয়ারের রচনা এবং মাসুদ চৌধুরীর পরিচালনায় বিশেষ নাটক ‘সত্য গল্পের অসত্য উপাখ্যান’-এ অভিনয় করেছি। এছাড়া কায়সার আহমেদের পরিচালনায় দীপ্ত টিভির ধারাবাহিক ‘বকুলপুর’, সৌম্য নজরুলের পরিচালনায় দুরন্ত টেলিভিশনের ধারাবাহিক ‘মেছো তোতা গেছো ভূত’সহ ‘আরশীনগর’, ‘চান্দের বুড়ী নোয়াখালী’ ধারাবাহিকগুলোতে নিয়মিত অভিনয় করছি।
রাজস্থান ফিল্ম ফেস্টিভ্যালে ছবি...
মিজানুর রহমান লাবুর চিত্রনাট্য ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মালা ভাবী’ সম্প্রতি রাজস্থান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। পাপ-পুণ্য ও কর্মফলের সঙ্গে প্রকৃতির অতিপ্রাকৃত সংযোগ এর মূল বিষয়বস্তু। এটিও আমার ভীষণ পছন্দের একটি কাজ।
